যশোরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নিহত ১, আহত ২০
যশোর শহরের সুজলপুরে রোব্বার সকালে সন্ত্রাসী হামলায় ২০ জন আহত, বাড়িঘর-দোকানপাট ভাংচুর ও লুট হয়েছে। শুক্রবার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত এক যুবক মারা গেলে তার জের ধরে রোব্বারের সংঘর্ষের সূত্রপাত হয়।
নিহত যুবকের নাম রিপন। সে সুজলপুরের মান্নান ড্রাইভারের ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রিপনের মৃত্যু সংবাদ পেয়ে রোব্বার সকাল ১০টার দিকে খোলাডাঙ্গা মাঠপাড়ার একদল যুবক সুজলপুর গ্রামে আক্রমন করে। এসময় ওই যুবকদের হাতে রাশিদা, মতিয়ার, লিটন, নাসরিন, শান্তা, অজ্ঞাত এক ব্র্যাক কর্মীসহ অন্তত ২০ জন জখম হয়। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিছু সময় পরে কোতআলী থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এব্যাপারে কাউকে গ্রেপ্তার করা হয়নি। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
