পানি সম্পদমন্ত্রী সরকারি সফরে বেইজিং পৌঁছেছেন
পানি সম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ চীনের পানি সম্পদ মন্ত্রীর আমন্ত্রণে সরকারি সফরে রোববার বেইজিং পৌঁছেছেন।
পানি সম্পদ মন্ত্রী চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন বিশেষত পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার ও বন্টনের উপর আলোচনার জন্য পাঁচ সদস্যের একটি দলের নেতৃত্ব দিচ্ছেন।
বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের চুক্তির আলোকে দ্বিপাক্ষিক পানি সম্পদ উন্নয়নের ব্যাপারে মন্ত্রীরা আলোচনা করবেন বলে রোববার ঢাকা থেকে প্রাপ্ত খবরে জানা যায়।
উল্লেখ্য ২০০৫ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চীন সফরে গেলে চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের প্রতিনিধি দলটি সানহাই এবং জেংজাউ-এর বেশ কয়েকটি পানি সম্পদ উন্নয়ন প্রকল্প ঘুরে দেখবেন।
