ফিনিক্স ভবন ধস: উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছে সেনাবাহিনী
নগরীর তেজগাঁও শিল্প এলাকায় ধসে যাওয়া ফিনিক্স ভবনের উদ্ধার তৎপরতায় সেনা বাহিনী নেতৃত্ব দিচ্ছে এবং উদ্ধার কাজ শেষ করতে তাদের আরও তিন চার দিন লেগে যেতে পারে। উদ্ধার তৎপরতার সাথে সংশ্লিষ্ট একজন সেনা সদস্য একথা জানান।
বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ বিগ্রেডের কমান্ডার মেজর নাসের সাংবাদিকদের বলেন, ঘটনার একঘন্টার মধ্যে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া মানুষদের বের করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, পৌনে ৫টা পর্যন্ত ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এক ব্রিফিংয়ে নাসের বলেন, আমরা আসার আগ পর্যন্ত চারটি মৃতদেহ উদ্ধার হয়েছিল। পরে আরও ১১টি মৃতদেহ উদ্ধার করেছি।
তিনি আরও বলেন, আমরা এখনও নিচ তলায় পৌঁছাতে পারিনি।
নাসের বলেন, তদন্তের আগে ভবন ধসের কারণ বলতে পারব না।
তিনি বলেন, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ইউনিট বিষয়টি বলতে পারবেন।
নাসের আরও বলেন, তারা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে উদ্ধার অভিযান চালাচ্ছেন।
