২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট খান জাহান (র.) এর দিঘির পুরুষ কুমির ‘কালাপাহাড়’ গুরুতর আহত

বাগেরহাটের হযরত খান জাহান (র:) এর মাজারের দিঘির ঐতিহ্যের প্রতিক ‘কালাপাহাড়’ অপর একটি কুমিরের সাথে মারামারি করে গুরুতর আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2006, 09:03 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

তার উপরের পাটির দাঁতসহ মুখের সম্মুখভাগের একটি অংশ ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিশালাকৃতির এই পুরুষ কুমিরটিকে ডাঙায় তুলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. মইন উদ্দিন ও সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শেখ মিজানুর রহমান শনিবার বিকেলে মাজারে এসে আহত কুমিরটির অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। রোববার কুমিরটির উন্নত চিকিৎসার জন্যে পশু চিকিৎসকের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।

জানা গেছে, শুক্রবার রাতে বা শনিবার দিনের কোনো এক সময়ে দিঘির এই কালাপাহাড়টির (কয়েক শত বছর ধরে দিঘিতে বসবাসকারী মিঠা পানির প্রজাতির সর্বশেষ পুরুষ কুমির) সাথে অন্য এক বা একাধিক কুমিরের মারামারি হয়। পরে মাজারের খাদেমরা গুরুতর জখম কুমিরটিকে ডাঙায় তুলে জেলা প্রশাসন ও বন বিভাগকে খবর দেন। কুমিরটিকে এখন ডাঙায় তুলে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডিএফও শেখ মিজানুর রহমান জানান, বন বিভাগের পক্ষে কুমিরটির প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে। উন্নত চিকিৎসার মাধ্যমে আহত কুমিরটির প্রাণ রক্ষার সুযোগ রয়েছে।

হযরত খান জাহান (র.) এর মাজারের দিঘিতে তাঁর জীবিতাবস্থায় মিঠা পানির প্রজাতির (মার্শ ক্রোকোডাইল) কুমির যুগলকে লালন করা হয়। গত প্রায় ছয় শত বছর ধরে এই দিঘিতে বংশ পরম্পরায় পুরুষ কুমিরগুলো ‘কালাপাহাড়’ ও স্ত্রী কুমিরগুলো ‘ধলাপাহাড়’ নামে পালিত হয়ে আসছে। দিঘিতে এখন সেই ধারাবাহিকতার মাত্র একজোড়া ‘কালাপাহাড়-ধলাপাহাড়’ রয়েছে।

খান জাহান (র.) এর মাজারের দিঘি বাংলাদেশে মিঠা পানির প্রজাতির এই কুমিরের শেষ আবাসস্থল হিসাবে চিহ্নিত হওয়ার পর বাংলাদেশ সরকার গত বছর ভারত থেকে আরো ছয়টি মিঠা পানির প্রজাতির কুমির এনে এই দিঘিতে অবমুক্ত করে। এদের মধ্যে একটি পুরুষ কুমির পরে মারা যায়।