চট্রগ্রামে মর্মান্তিক গার্মেন্টস দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন
চট্টগ্রামে গার্মেন্টস দুর্ঘটনায় নিহত ৫৪ জনের দাফন শনিবার সম্পন্ন হয়েছে।
বেওয়ারিশ হিসেবে ৩৫টি মৃতদেহ চট্টগ্রাম সিটি কর্পোরেশন গ্রহণ করে এবং বাকিদের লাশ তাদের স্বজদের কাছে হস্তান্তর করা হয়।
নামাজে জানাজা শেষে ৩৫ জনের মৃতদেহ পাহাড়তলি জালালাবাদ গণকবরস্থানে দাফন করা হয়।
চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, বিজিএমইএ সভাপতি টিপু মুন্সীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং হাজার হাজার মানুষ নামাজে জানাজায় অংশ নেন।
পরে সাংবাদিকদের সাথে আলোচনাকালে সিটি মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, গার্মেন্টস ট্যাজেডির ঘটনায় জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করে নিহতদের সম্পর্কে তথ্য সংগ্রহ করবে।
তাছাড়া সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, কর্পোরেশন এলাকায় মাইকিং করে দুর্ঘটনার সময় ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিকদের সঠিক সংখ্যা খুঁজে বের করবে।
কর্পোরেশন মিলাদ মহাফিল এবং দাফনকৃতদের স্বরণে মেজবানের আয়োজন করবে।
এদিকে অগ্নিকাণ্ডের পর চাঁদগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নগরীর কালুরঘাট শিল্প এলাকায় বৃহস্পতিবার রাতে কেটিএস টেক্সাটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫৪ ব্যাক্তির মৃত্যু হয়। এ ঘটনায় শতাধিক শ্রমিক নিখোঁজ রয়েছে অথবা তাদের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রায় ৬০ জন শ্রমিক মৃত্যুর সাথে লড়াই করছে।
