বাগেরহাটে বিএনপি নেতা হত্যার প্রধান আসামির বাড়ি থেকে ৫টি তাজা বোমা উদ্ধার
বাগেরহাটের মোড়েলগঞ্জের বিএনপি নেতা সরোয়ার হোসেন হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি মোস্তাফিজুর রহমানের বাড়ি থেকে পুলিশ পাঁচটি তাজা বোমা উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে মোরেলগঞ্জ থানা পুলিশ শুক্রবার সন্ধ্যায় মোস্তাফিজুর রহমানের নারকেল বাড়িয়া গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করে।
পুলিশ জানায়, বোমাগুলো বাড়ির বাথরুমে একটি ব্যাগে লুকিয়ে রাখা হয়েছিল। তবে এ সময় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
পুলিশ ধারণা করছে, নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর জন্যে ওই বাড়িতে বোমাগুলো রাখা হয়েছিল। উদ্ধারকৃত বোমাগুলো থানা কম্পাউন্ডে বালতির ভেতর পানিতে রাখা হয়েছে। কাউকে আটক না করতে পারা সম্পর্কে পুলিশ জানিয়েছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির সকলে পালিয়ে গিয়েছিল।
২০ ফেব্রুয়ারি রাতে বিএনপির স্থানীয় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সন্ত্রাসীরা মোরেলগঞ্জের বহরবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার হোসেন হাওলাদারকে (৫০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
