রাজধানীর তেজগাঁওয়ে বহুতল ভবন ধস: বহু হতাহতের আশংকা
রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় শনিবার সকাল ১১টায় একটি বহুতল ভবন ধসে কমপক্ষে ১৫ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে বলে পুলিশ ও উদ্ধারকারীরা জানিয়েছে।
নিহতদের মধ্যে তিনজন মহিলা এবং একটি শিশু রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে উদ্ধারকারীরা জানিয়েছে।
সেনাবাহিনীর ৪৬ ব্রিগেড কমান্ডার মেজর নাসের বলেন, ধ্বংস্তুপের নিচ থেকে এ পর্যন্ত ১৫টি লাশ উদ্ধার করা হয়েছে। আমরা আসার আগে চারটি লাশ উদ্ধার করা হয় এবং পরে আমরা আরও ১১টি লাশ উদ্ধার করি।
তবে এখনও তারা ধসে পড়া ভবনের নিচতলা পর্যন্ত পৌঁছাতে পারেননি বলে তিনি জানান।
সাতটি মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে, দুটি পঙ্গু হাসপাতালে এবং একটি মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহত শিশুর লাশ তার অবিভাভকের কাছে হস্তান্তর করা হয়েছে।
আহতদের মধ্যে দু’জন মহিলা। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের উদ্ধৃত করে একজন পুলিশ কর্মকর্তা জানান, বেলা ১১টার দিকে প্রচণ্ড শব্দ করে ভবনটি যখন ধসে পড়ে তখন মহাখালী বাসস্ট্যান্ডের পাশের ওই ভবনে (ফিনিক্স টেক্টাইল) দুই/তিনশ’ লোক ছিল।
তিনি আরও বলেন, আরও অনেক মানুষ ধসে যাওয়া ভবনের ধংসস্তুপের মধ্যে আটকা পড়েছে বা মারা গেছে।
চট্টগ্রাম গার্মেন্ট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ৪০ ঘন্টা পার হওয়ার মধ্যেই এ দুর্ঘটনা ঘটল। চট্টগ্রাম গার্মেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৩ জন নিহত হয়।
ধসের কারণে শহীদ তাজউদ্দিন সরণীর ওই সাততলা ভবনের এখন মাত্র দুইতলা দেখা যাচ্ছে। বাকি পাঁচতলা মাটির নিচে দেবে গেছে।
ওই ভবনের দুই বাড়ি পরের বাসিন্দা স্থানীয় বিএনপি’র সহসভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর বলেন, এটা ছিল ভূমিকম্পের মত একটা ঘটনা।
তিনি বলেন, আমি গোসল সেরে জামাকাপড় পরার জন্যে বারান্দায় বের হয়েছি, তখনই হঠাৎ করে বিকট শব্দে পুরো ভবন কেঁপে উঠল। আমার ভাই চেয়ারে বসা অবস্থায় সেখান থেকে পড়ে যায়।
মোটর শ্রমিক আসলাম বলেন, ভবনটি ধসে পড়ার পরই তিনি ওই স্থানে গিয়ে দেখেন, অনেক পথচারীই ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন।
তিনি বলেন, আমরা তাদের কয়েকজনকে বের করেছি।
ধংসস্তুপের মধ্যে আটকে পড়া শ্রমিকরা সাহায্যের জন্যে আর্ত চিৎকার করছে।
‘বাঁচাও, আমাকে বের কর’- এমন আর্ত চিৎকার বাইরে থেকে শোনা যাচ্ছে।
এছাড়াও পাশ্ববর্তী একটি টিন সেড বস্তি আচ্ছাদিত হয়ে যায় ধ্বংস্তুপে।
ফায়ার বিগ্রেডের মহাপরিচালক কর্নেল রফিক ঘটনার আধঘন্টা পর ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, তারা ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা নিরূপনের চেষ্টা করছেন।
ফায়ার বিগ্রেডের সহকারী পরিচালক সেলিম নেওয়জ ভূঁইয়া বিডিনিউজকে বলেন, গ্যাস লিক হওয়ার কারণে তারা সবাইকে আগুন না জ্বালানোর জন্যে সতর্ক করে দিচ্ছেন।
তিনি বলেন, আমরা সাভারের বাইপাইলে স্পেকট্রাম গার্মেন্ট ভবন ধসের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করছি। কিন্তু এ দুর্ঘটনাটি একটু ভিন্ন। এই ভবন ধসের মূল কারণ আমরা এখনও খুঁজে বের করতে পারিনি।
প্রাথমিক ভাবে আপনারা কি মনে করছেন- এমন প্রশ্নের জবাবে সেলিম ভূঁইয়া বলেন, ভারের তারতম্য এবং রাস্তা দিয়ে সবসময় ভারী যানবাহন চলাচলের কারণে অতিরিক্ত কম্পনে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
গত ১০ এপ্রিল সাভারের বাইপাইলে স্পেকট্রাম গার্মেন্ট ভবন ধসে ৬২ জন নিহত হয়।
ভবন ধসের প্রায় দুই ঘন্টা পর সেনা সদস্যরা উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থল সংলগ্ন সড়ক এবং পার্শ্ববর্তী বেশিরভাগ গার্মেন্টস কারখানাগুলোর কাজ বন্ধ হয়ে গেছে।
এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিকদের বলেন, উদ্ধার অভিযানের জন্যে সেনাবাহিনী তলব করা হয়েছে।
বারবার এ ধরনের দুর্ঘটনা সম্পর্কিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন থেকেই প্রচলিত আইনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা ও স্থানীয় সাংসদ মোসাদ্দেক আলী ফালু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দুর্ঘটনাস্থল ঘিরে না রাখায় হাজার হাজার লোক উদ্ধার অভিযানে যোগ দেওয়ার চেষ্টা করছে। পুলিশ সদস্যদের দেখা যায় তারা উদ্ধারকাজে অংশ নেয়ার পরিবর্তে বাঁশি বাজিয়ে ভিড় করা লোকজন তাড়ানোর কাজেই বেশি ব্যস্ত। দুর্ঘটনার পর তিন/চার ঘন্টা অতিবাহিত হলেও এব্যাপারে এখনও ব্যবস্থা নেয়া হয়নি।
একজন প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনাস্থলে যেরকম বিশৃঙ্খলা তাতে বোঝা যায়, উদ্ধার অভিযান পর্যাপ্ত নয়। দুর্ঘটনার তিন ঘন্টা পর অভিযানে অংশ নিতে আসে প্রথম বুলডোজার।
লাভলী নামের একজন মহিলার ভাই রিপন ও বোন জোছনা ওই কারখানায় কাজ করতেন। খবর শুনে ছুটে আসেন লাভলী। ভাই ও বোনের খোঁজে তিনি ওই ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন। তাকে কিছুতেই ঠেকিয়ে রাখা যাচ্ছিল না।
স্থানীয়রা জানান, দ্বিতীয় ও তৃতীয় তলায় গার্মেন্ট কারখানা ছিল। চতুর্থ ও পঞ্চম তলায় চলছিল হাসপাতালের ইন্টিরিয়র ডিজাইনের কাজ। এর আগে ওই দুইতলা গুদাম হিসেবে ব্যবহৃত হত।
যদিও বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের একজন মুখপাত্র বলেন, ওই ভবনে কোনও গার্মেন্ট কারখানা নেই।
তিনি বলেন, তিন মাস আগে সেখানে একটি গার্মেন্ট কারখানা ছিল। কিন্তু সেখানে এখন কোনও কারখানা নেই।
এর আগে ভবনের নিচ তলা ফিনিক্সি এর শো-রুম ছিল পরে তা গুদাম হিসেবে ব্যবহৃত হত।
স্থানীয়রা আরও জানান, ফিনিক্স গার্মেন্টের মালিক ব্যবসা পরিবর্তনের কারণে ইচ্ছে মত ভবনের ইন্টিরিয়র ডিজাইন পরিবর্তন করেছেন। দীন মোহাম্মদসহ আরও বেশ কয়েকজন ফিনিক্স গার্মেন্টের মালিক।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধসে যাওয়া ভবনের কেয়ারটেকার গাজী জাহাঙ্গীরকে আটক করেছে।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। পরে ঢাকা সিটি করপোরেশেন, সড়ক ও জনপথ বিভাগ, সেনাবাহিনী, র্যাব, বিডিআর ও পুলিশ এ অভিযানে যোগ দেয়।
