২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষায় ১০ বছরে ব্যয় কমেছে ১৪ শতাংশ

শিক্ষা খাতের সার্বিক ব্যয় বৃদ্ধি পেলেও ১৯৯৩-৯৪ অর্থবছর থেকে ২০০৩-০৪ অর্থবছর পর্যন্ত ১০ বছরে প্রাথমিক শিক্ষার ব্যয় ১৪ শতাংশ হ্রাস পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2006, 08:40 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

স্থানীয় উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ’র সামাজিক শাখা পরিচালিত ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় জেন্ডার সমতা’ শীর্ষক এক জরিপের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক শিক্ষায় মোট সরকারি ব্যয় ধীরে ধীরে কমতে থাকে। ১৯৯৩-৯৪ অর্থবছরে এ ব্যয় ছিল শিক্ষা খাতে মোট ব্যয়ের এক দশমিক ০৯ শতাংশ, কিন্তু ২০০৩-০৪ অর্থবছরে তা এসে দাঁড়ায় দশমিক ৮১ শতাংশে।

জিডিপির মাথাপিছু ব্যয় অনুপাতে ১৯৯৩-৯৪ অর্থবছরে প্রাথমিক শিক্ষায় মাথাপিছু সরকারি ব্যয় ছিল নয় দশমিক ১২ শতাংশ, কিন্তু ২০০৩-০৪ অর্থবছরে তা কমে সাত দশমিক ০৯ শতাংশে এসে দাঁড়ায়।

এতে আরও বলা হয়, পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় (১৯৯৭-২০০২) শিক্ষা খাতে মোট বরাদ্দ বৃদ্ধি পায়, কিন্তু এসময়ে জিডিপি’র অবদান হিসেবে বাংলাদেশের শিক্ষা খাতে সরকারি বরাদ্দ ছিল সম্ভবত দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিু।

দেশে প্রাথমিক শিক্ষার চাহিদা বৃদ্ধির তুলনায় এ খাতে বাংলাদেশ সরকারের সুযোগ সুবিধা প্রদান ছিল হাতাশাজনক।

প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীর হার তুলে ধরে প্রতিবেদনটিতে বলা হয়, ২০ শতাংশ শিশুর প্রাথমিক শিক্ষার সুযোগ একেবারেই নেই। এদের বেশিরভাই দরিদ্র পরিবারের শিশু, তা শহর হোক আর গ্রামই হোক।

খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচির মাধ্যমে নির্ধারিত স্কুলগুলোতে শিক্ষার্থীর হার বাড়লেও মানের দিক থেকে বাড়েনি।

বৃত্তি পাওয়ার যোগ্যতা হচ্ছে, বিদ্যালয়ে উপস্থিতির হার ৭৫ শতাংশ, বার্ষিক পরীক্ষায় ৪৫ শতাংশ নম্বর এবং ১৮ বছর পর্যন্ত অবিবাহিত থাকা। কিন্তু বেশিরভাগ কন্যা শিশুই নিয়মিত উপস্থিত হতে পারেনি, তাদের বার্ষিক পরীক্ষার ফলাফলও সন্তোষজনক নয় এবং বেশিরভাগকেই পরিবারের চাপে অল্প বয়সে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে।

এদিকে সরকার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণের হার বাড়নোর জন্যে বিভিন্ন পদক্ষেপ নিলেও ছয় থেকে ১০ বছরের ৩৫ লাখ ছেলে মেয়ে এখনও স্কুলে যাচ্ছে না।

প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের হার প্রতিবছর কমপক্ষে এক দশমিক ৩৩ শতাংশ না বাড়লে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যও অর্জিত হবে না।

বিশ্বব্যাংকের এক সমীক্ষার কথা উল্লেখ করে এ প্রতিবেদনে বলা হয়, শিক্ষক-শিক্ষার্থীর আনুপাতিক হার কমানো এবং প্রাথমিক শিক্ষা বৃত্তি কর্মসূচি বাড়ানোর মতো কৌশল গ্রহণ ছাড়া ২০১৫ সালের মধ্যে প্রাথমিক শিক্ষার প্রকৃত হার ৯০ শতাংশ অতিক্রম করবে না এবং শিক্ষা সমাপ্তকারীদের হার ৮৫ শতাংশের নিচেই থেকে যাবে।