কঙ্গোয় নিহত ৯ বীর সেনার ১ম মৃত্যুবার্ষিকী শনিবার
যথাযোগ্য মর্যাদায় শনিবার কঙ্গোয় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর নয় বীর সেনার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হবে।
কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকালে ২০০৫ সালের এই দিনে বিদ্রোহীদের হামলায় এ বীর সেনারা নিহত হন।
নিজেদের জীবন উৎসর্গ করে যারা বাংলাদেশের মর্যাদা আরও উর্ধ্বে তুলে দিয়ে গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সেই বীর সেনাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে।
নিহতদের পরিবারবর্গ বীর সেনাদের আত্মার শান্তি কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মোনজাতের আয়োজন করবে।
জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের অংশ হিসেবে ২০০৩ সালের জুলাই থেকে যুদ্ধ বিধ্বস্ত কঙ্গোয় বাংলাদেশ সেনাবাহিনীর এক হাজার তিনশ’ সেনা সেখানে শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছেন।
১৯৮৮ সালে ইরান-ইরাক যুদ্ধের সময় ১৫ জন সামরিক পর্যবেক্ষক পাঠানোর মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়। তারপর থেকে বাংলাদেশ এ পর্যন্ত মোট ১৯টি শান্তিরক্ষা মিশনে সফলতার সঙ্গে অংশ নেয়। এসব মিশনে বাংলাদেশ সামরিক বাহিনীর প্রায় ৪১ হাজার নয়শ’ সাতজন সদস্য অংশ নেয়।
২০০৩ সালের ২৫ ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করতে গিয়ে বিভিন্ন ঘটনায় মোট ৪৮ বাংলাদেশী শান্তিরক্ষী নিহত হন।
কঙ্গোয় নিহত এ বীর সেনাদের স্মরণ করতে কঙ্গোর স্থানীয় এনজিওদের একটি জোট দিনটিকে ‘শহীদ শান্তিরক্ষী দিবস’ হিসেবে পালনের জন্যে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।
