পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীদের ১২ থেকে ১৩ শতাংশ হিন্দু
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মাদ্রাসা শিক্ষার্থীদের ১২ থেকে ১৩ শতাংশ হিন্দু সম্প্রদায়ভুক্ত।
হিন্দু শিক্ষকরা এগুলোতে শিক্ষকতাও করছেন। সেখানকার মাদ্রাসা শিক্ষা বোর্ড আসলে মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত পুরণো ধ্যান-ধারণা পাল্টে দিয়েছেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ বলছেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মানেই যে শুধু পবিত্র কোরআন শিক্ষা, এমন ধারণা পাল্টে দেওয়া হয়েছে। রাজ্যের অধিকাংশ মাদ্রাসায় দীর্ঘ দিন ধরেই ধর্মীয় শিক্ষার সঙ্গে সঙ্গে কম্পিউটার, অঙ্ক, বিজ্ঞান, অর্থনীতি ও ভূগোল শিক্ষা দেওয়া হচ্ছে। সেকারণেই মুসলিম শিক্ষার্থীদের পাশাপশি হিন্দুরাও সমান উৎসাহ নিয়ে মাদ্রাসাগুলোতে পড়াশোনা করছে। ধর্মীয় শিক্ষা ছাড়াও সাধারণ পাঠ্যক্রম পড়ানোয় হিন্দু শিক্ষকরা এগুলোতে কাজ করছেন।
একটি মহিলা মাদ্রাসার হিন্দু শিক্ষিকা নমিতা মিত্র জানালেন, স্কুল না মাদ্রাসা, এটি দেখে তিনি সেখানে চাকরি নেননি। তিনি মনে করেন, এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান। সুতরাং মাদ্রাসা বলে একে আলাদা করে দেখার ঘোর বিরোধী এই শিক্ষিকা।
রাজ্যের সবচেয়ে বড় মহিলা মাদ্রাসা আকড়ার প্রধান শিক্ষিকা আঞ্জুমান বানু বলেন, মাদ্রাসাগুলোতে মুসলিমদের পাশাপাশি হিন্দুরাও সামনভাবে ভর্তি হচ্ছে। আকড়া মহিলা মাদ্রাসায় বর্তমানে ১০ শতাংশ ছাত্রী হিন্দু। ঈদ যেমন উদযাপন করা হয়, সরস্বতি পূজাও ওই মাদ্রাসায় একইভাবে করা হয়। এটিই সম্প্রিতির নির্দশন।
পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দায়িত্বশীল এক কর্মকর্তা বৃহস্পতিবার কলকাতায় বিডিনিউজকে জানান, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে আজ থেকে ১০ বছর আগে। এ মুহূর্তে পশ্চিমবঙ্গে সরকারি অনুদানপ্রাপ্ত ও পূর্ণাঙ্গ সরকারি মিলে মোট ৫০৮টি মাদ্রাসা রয়েছে। এ মাদ্রাসাগুলো আবার দু’টি ভাগে বিভক্ত। একটি হাই-মাদ্রাসা, অন্যটি সিনিয়র মাদ্রাসা। হাই-মাদ্রাসায় মাধ্যমিক স্তরের বিষয়গুলোই পড়ানো হয়। এখানে আরবি ও কোরআন শিক্ষা দেওয়া হয়। পাশাপাশি বিজ্ঞান, অঙ্ক, অর্থনীতিও সমান গুরুত্বের সঙ্গে পড়ানো হয়। সিনিয়র মাদ্রাসায় ফিকাহ, হাদিস এবং কোরআন শিক্ষার সঙ্গে সাধারণ বিষয়গুলোও শেখানো হয়। তথ্য-প্রযুক্তির প্রবাহকে মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের মধ্যে পৌঁছে দিতে ওই দুই শ্রেণীর মাদ্রাসায় কম্পিউটার শিক্ষাও চালু করা হয়েছে। সংশ্লিষ্ট ওই কর্মকর্তা বলছেন, বোর্ডের অধীনে মাদ্রাসাগুলো কাউন্সিল অফ বোর্ড অফ স্কুল এডুকেশন ইন ইন্ডিয়ার সদস্য। ফলে ভারতের অন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মত একই গুরুত্ব দেওয়া হয় পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষাকে। শিক্ষার মানও বাজার রাখা হয় সমান তালে।
পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান ড. আব্দুস সাত্তার বিডিনিউজকে বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটানো হচ্ছে। মাদ্রাসা বলেই যে শুধু মুসলমান ছাত্র-ছাত্রীরা পড়বে, এমন কোনো কথা নেই। এখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবধরনের শিক্ষার্থীর জন্যেই পড়াশোনার সুযোগ উন্মুক্ত।
মাদ্রাসা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের ৫০৮টি সরকারি মাদ্রাসায় সাড়ে তিন লক্ষ ছাত্র-ছাত্রী রয়েছে। তাদের মধ্যে ১২ থেকে ১৩ শতাংশ হিন্দু। ওই পরিসংখ্যানে আরো বলা হয়, রাজ্যের মুসলিম অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ, নদীয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং জলপাইগুড়িতে মাদ্রাসায় কোথাও কোথাও ৪০ থেকে ৫০ শতাংশ হিন্দু ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে।
বোর্ডের অর্থনৈতিক পরিসংখ্যানে দেখা যায়, রাজ্য সরকার গত অর্থবছরে ১২৫ কোটি রুপি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার খরচ করার জন্যে অর্থ বরাদ্দ দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসা বোর্ডের দায়ীত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, আগামীতে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আরও ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। বলা হচ্ছে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় জীবনশৈলি পড়ানো হবে।
বলাবাহুল্য, গত দু’বছর আগে রাজ্যের মাধ্যমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জীবনশৈলি নামে একটি যৌন শিক্ষার পাঠ্যক্রম শুরু করার উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেটি নিয়ে বিভিন্ন মহল থেকে নেতিবাচক প্রতিক্রিয়া আসায় সরকার এখনও তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি। বলা হচ্ছে, মাদ্রাসাগুলোতে ভোকেশনাল শিক্ষা চালু করার ব্যাপারেও পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের।
কলকাতা মাদ্রাসাকে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিয়েছে সরকার। আগামী বছর থেকে কলকাতা মাদ্রাসা সম্পূর্ণ বিশ্ববিদ্যালের পাঠক্রম শুরু হবে। ১৭৮০ সালে ব্রিটিশ শাসক লর্ড হায়েন্সের সময় কলকাতা মাদ্রাসার শিক্ষা কার্যক্রম শুরু হয়। এ মাদ্রাসায় পড়াশোনা করে কুদরত-ই-খোদা ও সৈয়দ আমির আলীর মত দেশবরেণ্য ব্যক্তি নিজেদের মর্যাদা দেশ-বিদেশের সামনে তুলে ধরেছেন। মূলত এমন উদাহরণ সামনে রেখেই পশ্চিমবঙ্গে মাদ্রাসা ব্যবস্থায় দিন-দিন আধুনিকায়ন করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।
