মেয়াদ শেষ হওয়ার ৮ মাস পর ঢাবি ডীন নির্বাচন ২৭ ফেব্রুয়ারি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদের ডীনদের দু’ দফায় বর্ধিত ছয় মাসের মেয়াদ শেষ হওয়ারও প্রায় দু’ মাস পর ডীন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৭ ফেব্রুয়ারি। ঢাবির টিএসসিতে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচন পরিচালনা করবেন কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ।
সকল শিক্ষকের ভোটে একজন ডীন দু’ শিক্ষাবর্ষের জন্য নির্বাচিত হন। অধ্যাপক এবং সহযোগী অধ্যাপকরা ডীন পদে নির্বাচন করতে পারেন।
এবারের নির্বাচনে প্রায় ১,০০০ শিক্ষক ভোটার। তবে, কোনো ইন্সটিটিউটের শিক্ষকরা এ নির্বাচনে ভোট দিতে পারবেননা।
আইন অনুষদে সরকার সমর্থক সাদা দলের প্রার্থী আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খানের বিরুদ্ধে বিরোধী আওয়ামী লীগ সমর্থক নীল দল কোন প্রার্থী দেয়নি।
এ ব্যাপারে নীল দলের নেতা অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আইন বিভাগে দলীয় ভিত্তিতে একই সাথে আটজন অধ্যাপক নিয়োগ দেওয়া হয়েছে। এ ধরণের দলীয় মানসিকতার বিরুদ্ধে নির্বাচন করা অর্থহীন।
তিনি আরো বলেন, অধ্যাপক বোরহান উদ্দিন খান নির্বাচনী প্রচারণার মাধ্যম হিসেবে সকল শিক্ষককে ডিকশনারী গিফট করছেন, যা নীতিবিরুদ্ধ।
তিনি বলেন, ভোটারদের প্রভাবিত করার এ ধরণের পদ্ধতি কোন নির্বাচনেই কাম্য নয়।
এবার কলা অনুষদ থেকে সাদা দলের প্রার্থী বর্তমান ডীন ও ইংরেজী বিভাগের অধ্যাপক ড.সদরুল আমিন। নীল দলের প্রার্থী একই বিভাগের অধ্যাপক খোন্দকার আশরাফ হোসেন।
বিজ্ঞান অনুষদে সাদা দলের প্রার্থী রসায়ন বিভাগের অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম। নীল দলের প্রার্থী বর্তমান ডীন ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আর আই এম আমিনুর রশীদ।
সামাজিক বিজ্ঞান অনুষদে সাদা দলের প্রার্থী পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক শাহেদ হাসান। নীল দলের প্রার্থী বর্তমান ডীন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হারুন অর রশীদ।
জীব বিজ্ঞান অনুষদে সাদা দলের প্রার্থী বর্তমান ডীন ও প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাইয়াদ সালেহীন কাদরী। নীল দলের প্রার্থী অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
বানিজ্য অনুষদে সাদা দলের প্রার্থী বর্তমান ডীন ও ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। নীল দলের প্রার্থী মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
ফার্মেসী অনুষদে সাদা দলের প্রার্থী বর্তমান ডীন ও ফার্মাসিউটিক্যাল ক্যামেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ। নীল দলের প্রার্থী ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্য্পাক আ ব ম ফারুক।
