সারা দেশে ব্যাপক বিদ্যুৎ সংকট: এসএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি চরমে
কেবলমাত্র পিক আওয়ারেই নয় দিনের বেলাতেও ব্যাপক বিদ্যুৎ ঘাটতি চলছে রাজধানী ঢাকাসহ সারা দেশে। এতে ভোগান্তি চরমে উঠেছে ৯ মার্চ থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার্থীদের।
সংশ্লিষ্টরা বলছেন, মার্চের শুরুতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আবার অবনতি হবে মধ্য মার্চ থেকে। পরীক্ষার্থীদের দুর্ভোগও তখন বাড়বে।
“দিন-রাতের মধ্যে এখন কোনো পার্থক্য নেই .... বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকেনা। ছেলে-মেয়েরা পড়াশোনা করবে কিভাবে,” বললেন এসএসসি পরীক্ষার্থী রাহাতের মা, শান্তিবাগ এলাকার বাসিন্দা নাসরিন বেগম।
পিডিবি’র হিসেবে বুধবার দেশে বিদ্যুৎ ঘাটতির পরিমাণ ছিল ৮৬৭ মেগাওয়াট। বৃহস্পতিবারও সমপরিমাণ লোডশেডিং হওয়ার কথা বলে জানিয়েছে পিডিবি।
অবশ্য এই হিসেব পিক আওয়ারের চাহিদা ৩,৯০০ মেগাওয়াট ধরে।
বিতরণকারী সংস্থাগুলোর হিসেব অনুযায়ী পিক আওয়ারের চাহিদা ৪,৫০০ মেগাওয়াটের বেশি। সেই হিসেবে বর্তমান লোডশেডিং কমপক্ষে ১,৫০০ মেগাওয়াট। অর্থাৎ চাহিদার দুই তৃতীয়াংশ বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, কেবল পিক আওয়ারেই নয়; বিগত ১০ বছরের রের্কড ভঙ্গ করে এবার অফপিক আওয়ারেও শহরাঞ্চলে বিদ্যুৎ সংকট প্রকট আকার ধারন করেছে। এই কারণে বুধ ও বৃহস্পতিবার রাজধানীতে বিভিন্ন এলাকায় চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
পিডিবি’র চেয়ারম্যান আ ন ম রিজওয়ান বলেন, দিনের বেলায় কোনো উৎপাদন ঘাটতি নেই। দিনে কোথাও সংকট হলে তা হচ্ছে বিতরণ ব্যবস্থার দুর্বলতার কারণে।
অবশ্য এর বিরোধীতা করে ডেসার চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বলেন, কেবল পিক আওয়ারেই নয়, দিনেও আমরা চাহিদা মাফিক বিদ্যুৎ সরবরাহ পাচ্ছি না।
ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সালেহ আহমেদ বলেছেন, “ডেসকো এলাকার মোট চাহিদা ৪০০ মেগাওয়াট। বুধবার দুপুরে আমাদের সরবরাহ ঘাটতি ছিলো ৫০ মেগাওয়াট।”
বিদ্যুৎ বিভাগের একটি সূত্রে জানা গেছে, সেচের জন্য এখন ৮৯০ মেগাওয়াট বিদ্যুৎ দরকার হচ্ছে। আর রাত ১১টা থেকে সারা দিন চলছে সেচ পাম্পগুলো। এতে করে এখন দিনের বেলাতেও চাহিদা পূরণ করা যাচ্ছে না। ফলে রাজধানীসহ শহর এলাকায় লোডশেডিং দিয়ে সেচের বিদ্যুতের যোগান দেয়া হচ্ছে।
ঢাকায় সংকট এতো প্রকট কেন এর জবাবে ডেসার চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বিডিনিউজকে বলেন, ডেসা এলাকায় বিদ্যুৎ চাহিদা ১,৩০০ মেগাওয়াট হলেও সর্বোচ্চ সরবরাহ পাওয়া যাচ্ছে ১,০০০ মেগাওয়াট। কিন্তু অনেক এলাকায় বারবার বিদ্যুৎ বন্ধ হওয়ার কারণে মনে হচ্ছে লোডশেডিং প্রকট।
“ঢাকায় ৩৫০টি ফিডার আছে। এর মধ্যে ৩০ শতাংশ ফিডার প্রায়োরিটি ফিডার হিসাবে গণ্য করা হয়। ফলে চাইলেও ওই সব ফিডারে লোডশেডিং দেয়া যায় না। ফলে কোথাও কোথাও বারবার বন্ধ করতে হয়,” বলেন তিনি।
পিডিবি বলছে, তাদের স্থাপিত উৎপাদন ক্ষমতা ৪,৮৯১ মেগাওয়াট হলেও সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা রয়েছে ৪,১৩০ মেগাওয়াট। কিন্তু বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র রক্ষণাবেক্ষণে থাকার কারণে বুধবার উৎপাদন ৩,০০০ মেগাওয়াটে নেমে আসে।
আ ন ম রিজওয়ান আশা করছেন, রক্ষণাবেক্ষণে থাকা বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে কমপক্ষে ৬৫০ মেগাওয়াট উৎপাদনে ফিরে আসবে এই মাসের শেষ দিনে। তখন পরিস্থিতির উন্নতি হবে।
সূত্র জানায়, রক্ষণাবেক্ষণে থাকা হরিপুরের ৩৬০ মেগাওয়াট ক্ষমতার আইপিপি’র আগামী ১২ মার্চ উৎপাদনে আসার কথা ছিল। এটি এর আগেই ২৮ ফেব্রুয়ারি উৎপাদনে আসবে।
মেরামতে থাকা রাউজান বিদ্যুৎ কেন্দ্র-২ উৎপাদনে আসবে আগামী ২ / ১ দিনের মধ্যে। এতে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
তবে মার্চের প্রথম সপ্তাহে ৭ দিনের জন্য রক্ষণাবেক্ষণে যাচ্ছে মেঘনাঘাট ৪৫০ মেগাওয়াট ক্ষমতার আইপিপি। পিডিবি’র পক্ষ থেকে এর পরিচালনাকারী প্রতিষ্ঠান সিডিসি গ্লোবলেককে অনুরোধ করা হয়েছে তারা যেন পুরো কেন্দ্র বন্ধ না করে পর্যায়ক্রমে রক্ষণাবেক্ষণের কাজ শেষ করে।
পিডিবি দাবি করছে, বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট উৎপাদনে থাকায় উত্তরাঞ্চলের পরিস্থিতি বর্তমানে কিছুটা ভালো। যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা ১ম ইউনিটটি ১৫ / ২০ দিনের মধ্যে উৎপাদনে আনার চেষ্টা করা হচ্ছে।
বন্ধ থাকা বাঘাবাড়ি ১০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটি উৎপাদনে ফিরে আসবে মার্চের শেষে। দাবি করা হচ্ছে এর পর দেশের উত্তরাঞ্চলে বিদ্যুতের আর কোনো ঘাটতি থাকবে না।
নাম প্রকাশ না করার শর্তে পিডিবি’র এক পদস্থ কর্মকর্তা বলেন, সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১ টা পিক আওয়ারের কথা বলা হলেও পিক আওয়ার শুরু হয় বেলা ৪টা থেকে। আবার রাত ১১টায় পিক আওয়ার শেষ হলেও সেচের জন্য বাড়তি বিদ্যুৎ ব্যবহার শুরু হয়। এতে করে মাঝরাতেও ঘাটতি থাকে।
তিনি জানান, এখন সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ৪,১০০-৪,২০০ মেগাওয়াটের বেশি নয়। গ্রীষ্মে এই পরিমাণ ৪,৬০০ মেগাওয়াট হবে তাতে কোনো সন্দেহ নেই।
পিডিবি চেয়ারম্যান অবশ্য বিডিনিউজকে বলেন, কোনো ভাবেই এবারের চাহিদা ৪,০৫০ মেগাওয়াটের বেশি হবে না। আর ডেসা, ডেসকো, আরইবি বর্তমানে চাহিদার চেয়ে বেশি বিদ্যুৎ সরবরাহ চাইছে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, লোডশেডিং থাকবে। তা’ কত কমিয়ে রাখা যায় সেই চেষ্টা করা হচ্ছে। তবে আগামীতে বড় কোনো কেন্দ্র বন্ধ হয়ে গেলে হলে লোডশেডিং ১,৫০০ মেগাওয়াট হওয়াও বিচিত্র নয় বলে তিনি জানিয়েছেন।
