সাভারে ২টি লাশ উদ্ধার
সাভার থানা পুলিশ বুধবার সন্ধ্যায় সালেপুর ও সিংগাইর থেকে অজ্ঞাত দুই মহিলার লাশ উদ্ধার করেছে।
পুলিশ সূত্র জানায়, বুধবার সাভারের আমিনবাজার ইউনিয়নের সালেপুর আহসান হাজীর রাইচ মিলের পাশ থেকে অজ্ঞাত পরিচয় (২৫) এক মহিলার লাশ উদ্ধার করা হয়। নিহতের পরনে ফিরোজা রং এর সালোয়ার কামিজ ও উপরে কালো ওড়না পেচানো ছিল। তাকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
একইদিন সন্ধ্যায় পুলিশ তেতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর সিংগাইর ব্রিজের পূর্ব পাশ থেকে অজ্ঞাত পরিচয় (২৬) অর্ধগলিত লাশ উদ্ধার করে। বেশ কয়েকদিন আগে অজ্ঞাত পরিচয় এ মহিলাকে সন্ত্রাসীরা হত্যা করে লাশ নির্জন স্থানে ফেলে রেখে যায় বলে পুলিশ ধারণা করছে।
উভয় ঘটনায় সাভার থানায় ২টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
