কুয়াকাটায় কানাডীয় পর্যটকের সর্বস্ব ছিনতাই, গ্রেপ্তার ২
কুয়াকাটা সমুদ্র সৈকতে মঙ্গলবার রাতে ক্ষমতাসীন দল সমর্থক সন্ত্রাসীরা এক কানাডীয় পর্যটকের সর্বস্ব ছিনিয়ে নিয়েছে।
বাংলাদেশী বংশোদ্ভূত কানাডীয় পর্যটক সাইফুল ইসলাম বিপ্লব (৩০) দেড়যুগ পর পিতামাতার বাড়ি ঢাকার উত্তরায় বেড়াতে আসেন। তিনি কুয়াকাটায় গিয়ে হোটেল ‘সেকান্দারের’ ১৫ নম্বর কক্ষে ওঠেন।
স্থানীয় সূত্র জানায়, প্রথম থেকেই তাকে নজরে রাখে ছিনতাইকারীচক্র। দুই মহিলাকে পেছনে লাগিয়েও কিছু করতে না পেরে তারা সুযোগ বুঝে সমুদ্র সৈকতে ওই পর্যটককে একা পেয়ে বেধড়ক মারধর করে তার কাছ থেকে সাড়ে আট হাজার টাকা, মোবাইল সেট, সোনার চেইন, পাসপোর্ট এবং ক্রেডিট কার্ড ছিনিয়ে নেয়।
এলাকার চিহ্নিত সন্ত্রাসী দুধা গাজী (২৬) ও ইলিয়াসের নেতৃত্বে চার/পাঁচ জনের একটি দল এই কাজ করে বলে পুলিশ জানায়।
পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
এলাকাবাসী জানায়, তারা সরকারি দলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরেই এলাকায় সন্ত্রাস করে আসছে।
পুলিশ এই ছিনতাইয়ের ঘটনায় আরও সাত/আট জনকে গ্রেপ্তার করলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
