কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, কুষ্টিয়া-পাবনা মহাসড়ক ৬ ঘন্টা অবরোধ
কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার বহলবাড়ীয়া বাজারে বুধবার সকালে এক সড়ক দুর্ঘটনায় নানা-নাতিসহ তিনজন নিহত এবং একজন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বালি বোঝাই বেপরোয়া গতির একটি ট্রাক (নং-ময়মনসিংহ-ট-১১-০০৭৪) বহলবাড়ীয়া বাজারের একই সারির পাঁচটি দোকানঘর দুমড়ে মুচড়ে দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে-স্থানীয় চা দোকানদার মহসিন প্রামানিক ওরফে মংলা (৭০), তাঁর নাতি সোলেমান (২২) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ শাখা গ্রামীণ ব্যাংকের ম্যানেজার শরিফুল ইসলাম ওরফে শুকুর (২৯)।
গুরুতর আহত সেলিম মুন্সীকে (৪০) চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনা কবলিত ট্রাকটি ঘটনাস্থলে ফেলে রেখে চালক পালিয়ে গেছে।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী কুষ্টিয়া-পাবনা মহাসড়কে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে রাখে।
অবরোধের ফলে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘন্টা দেশেরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে উত্তরাঞ্চলের যানবাহন চলাচল বন্ধ থাকে।
এসময় মহাসড়কের দুই পাশে কয়েক শত যানবাহন আটকা পড়ে। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করে। পরে মিরপুর ও ভেড়ামারা থানা পুলিশের দুইটি দল সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতদের স্বজনদের সাথে অসদাচারণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্য করলে বিক্ষুব্ধ জনতা লাঠি-সোটা নিয়ে পুলিশের উপর হামলা চালায়।
পরে অতিরিক্তি পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
