২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটকে অনুষ্ঠান করতে দেয়নি পুলিশ

বগুড়া শহরের কেন্দ্রস্থলে ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম শরীক জামায়াত ইসলামী বাংলাদেশ মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মঙ্গলবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করলেও পুলিশ সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটকে অনুষ্ঠান করতে দেয়নি।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2006, 09:40 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

সন্ধ্যায় পুলিশ সম্মিলিত সাংস্কৃতিক জোটকে মঞ্চ তুলে নিতে বাধ্য করায় শহরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট শহীদ খোকন পার্কে অনুষ্ঠান করার জন্য পৌর চেয়ারম্যানের কাছে অনুমতি চায়। কিন্তু অনুমতি না দেয়ায় সংগঠনটি শহরে সাতমাথায় মঞ্চ তৈরি করে।

মঙ্গলবার সকাল থেকে সেখানে বিভিন্ন সংগঠন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করতে থাকে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ পুলিশ সেখানে এসে মঞ্চ ভেঙে ফেলতে থাকে। পরে সংগঠনের পক্ষ থেকে মঞ্চ খুলে নেওয়া হয়।

প্রতিবছর শহীদ খোকন পার্কে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে থাকে। কিন্তু এবার পুরাতন শহীদ মিনারটি ভেঙে সেখানে নতুন মিনার তৈরি করার পর সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে পুলিশ কর্তৃক সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানের মঞ্চ তুলে দেয়ায় বগুড়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।