আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথক বাণীতে সোমবার ৫২’র ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
রাষ্ট্রপতি বলেন, ২১ ফেব্রুয়ারির ওই দিনকে স্মরণ করে সারা বিশ্বে প্রতিবছর দিনটি জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ঐতিহাসিক সে ভাষা আন্দোলনের চেতনা থেকেই জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। পরবর্তীতে জাতীয়তাবাদের এ চেতনাই মহান স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণের জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ করেছে। যার ফলে জাতি প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে সক্ষম হয় এবং গণতন্ত্র ও জনগণের সরকার প্রতিষ্ঠা লাভ করে।
রাষ্ট্রপতি আরও বলেন, ভাষা আন্দোলন ভাষা, সাহিত্য ও সংস্কৃতির অব্যাহত অগ্রগতির ক্ষেত্রে জাতিকে সবসময় অনুপ্রেরণা দিয়েছে। এর প্রজ্বলিত শিখা নতুন প্রজন্ম ও দেশবাসীর কাছে তুলে ধরার দায়িত্ব আমাদের সবার।
মহান একুশে আমাদের সবার এবং সাধারণভাবে বিশ্ববাসীর মধ্যে ও সম্প্রীতির সেতুবন্ধন রচনা করবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার বাণীতে যে সকল বীর সন্তানেরা ভাষার জন্য জীবন বিসর্জন দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
প্রধানমন্ত্রী তারা বাণীতে বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখতে ভাষার সমৃদ্ধি ও উন্নয়নের জন্য বিভিন্ন সময়ে যারা অবদান রেখেছেন এবং একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতিষ্ঠার প্রবাসী যে বাংলাদেশীরা শ্রমসাধ্য উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক প্রয়াস চালিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, জাতি হিসেবে অনেক ত্যাগ-তিতিক্ষা ও শহীদের রক্ত সিঞ্চনের মাধ্যমে রাষ্ট্রভাষার মর্যাদায় বাংলা ভাষার প্রতিষ্ঠা আমাদের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। আমাদের জাতীয় চেতনা ও জাতিসত্ত্বার বিকাশে এর ভূমিকা সুদূর প্রসারী। একুশের আন্দোলনের পথ বেয়েই এগিয়ে গেছে আমাদের স্বাধিকার আন্দোলন। এর চূড়ান্ত ধাপে এসেছে স্বাধীনতা। বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটেছে স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্র বাংলাদেশের।
তিনি বলেন, জাতীয় সকল সংকটে একুশের চেতনা সব সময়ই আমাদের সাহসী, সংগ্রামী ও ঐক্যবদ্ধ হতে অনুপ্রাণিত করে। অমর একুশের চেতনা অন্যায়-অবিচার, শোষণ-বঞ্চনা আর মুক্তি সংগ্রামে আন্দোলনরত বিশ্বের সকল মানুষকে উদ্বুদ্ধ করে।
তিনি আরও বলেন, একুশে অন্যের মাতৃভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে শ্রদ্ধা জানাতে শেখায়। বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপনে প্রয়াসী বিশ্ব ব্যবস্থার প্রতি সমর্থন দানে অনুপ্রাণিত করে।
তিনি বলেন, মহান একুশের শহীদদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা ভাষা, শিক্ষা ও সংস্কৃতির বিকাশ এবং আর্থসামাজিক সমৃদ্ধি অর্জনের মাধ্যমে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছি।
প্রধানমন্ত্রী এই মহান দিনে দেশবাসীকে একুশের চেতনায় উজ্জীবিত হয়ে জাতীয় লক্ষ্য অর্জনে সুদৃঢ় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
