২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন ক্যাডারে আরও ৫০০ জনকে পদোন্নতি দিচ্ছে সরকার

বিভিন্ন ক্যাডারের আরো প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংস্থাপন মন্ত্রণালয় সূত্র রোববার এ তথ্য জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2006, 05:16 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

এরআগে গত ২৬ জানুয়ারি ৩৭৮ জন সিনিয়র সহকারি সচিবকে উপ-সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

ওই সময় উপসচিব হিসেবে পদোন্নতি পাওয়ার অপেক্ষায় থাকা এবং বিভিন্ন সময় বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে এবার অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা যায়।

তবে পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনের আগে প্রশাসনের কর্মকর্তাদের খুশি করার জন্যই গণপদোন্নতির উদ্যোগ নেয়া হয়েছে।

সূত্র জানায়, এর মধ্যে উপসচিব হিসেবে ২০০ জন, যুগ্মসচিব ১৩০ জন, অতিরিক্ত সচিব ৩০ জন এবং সচিব পদে ২০ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হতে পারে।

সরকার সমর্থিত হিসেবে যাদের সংশ্লিষ্টতা রয়েছে তাদের মধ্যে থেকে উপ-সচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব এবং সচিব পদে এ পর্যন্ত প্রায় ২০০০ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

জোট সরকারের আমলে দফায় দফায় পদোন্নতি নীতিমালা পরিবর্তন করে বিভিন্ন সময় দলীয় বিবেচনায় না পড়ায় এমন ছয়শতাধিক জ্যেষ্ঠ্য ও অভিজ্ঞ কর্মকর্তাকে পদোন্নতি বঞ্চিত করা হয়। অভিযোগ রয়েছে, বর্তমান যারা বিভিন্ন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রয়েছেন তাদের অনেকেই রাজনৈতিক বিচারে উপসচিব হিসেবে চাকরির তিন বছরের মাথায় তিনটি পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন।