২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ মাতৃভাষা ইনস্টিটিউট গঠন করলেও জোট সরকার কোনও পদক্ষেপ নেয়নি: একুশের বাণীতে শেখ হাসিনা

সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, অমর একুশের ঘটনাবহুল তাৎপর্য এবং বাংলা ভাষা চর্চা ও বিকাশের লক্ষ্যে আমরা ‘মাতৃভাষা ইনস্টিটিউট’ গঠন করলেও বিএনপি-জামায়াত জোট সরকার এখন পর্যন্ত এ বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2006, 04:54 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে সোমবার তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার যথাসময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছিল বলেই ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর বিশেষ অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ মানুষের অধিকার প্রতিষ্ঠার চেতনা একুশের চেতনার সাথে একীভূত হয়েছে। একুশের চেতনা তাই গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক। আর এ কারণেই একুশ সারা বিশ্বের মাতৃভাষাপ্রেমীদের একত্রিত করতে পেরেছে।

অমর একুশ উপলক্ষে দেওয়া বাণীতে আওয়ামী লীগ সভানেত্রী বাংলা ভাষা ও সংস্কৃতি প্রেমীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সকল প্রকার নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে মানবাধিকার প্রতিষ্ঠার জন্যে আমাদের সম্মিলিত সংগ্রামকে আরও বেগবান করতে হবে। তাহলেই ভাষা শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে।