২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চ ঘাট, বাস টার্মিনাল ও মহাসড়কে ল্যাট্রিন বসানো হচ্ছে

দেশের বিভিন্ন লঞ্চ ঘাট, বাস টার্মিনাল, মহাসড়কসহ জনসমাগম হয়, এমন স্থানে পাবলিক ল্যাট্রিন বসানো হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2006, 06:38 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া সিটি করর্পোরেশন ও পৌরসভাগুলোকে এসব স্থান চিহ্নিত করে ল্যাট্রিন বসানোর জন্যে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

রোববার স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে স্যানিটেশন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স সভায় সভাপতির বক্তব্যে তিনি ওই নির্দেশ দেন।

মন্ত্রী স্যানিটেশন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে স্থানীয় সরকার বিভাগকে গণমাধ্যমে প্রচার বাড়ানোর জন্যও নির্দেশ দেন।

জাতীয় স্যানিটেশন প্রকল্পের জরিপ অনুযায়ী, এরই মধ্যে দেশের মোট দুকোটি ১৩ লাখ ৯৪ হাজার ৯৩টি পরিবারকে স্যানিটেশনের আওতায় আনার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

২০১০ সালের মধ্যে ওই পরিবারেগুলোর মধ্যে ১০০ ভাগ স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া করা হয়।

সভায় উত্থাপিত এক প্রতিবেদনে জানানো হয়, পল্লী অঞ্চলে মোট এক কোটি ৮৩ লাখ পরিবারের মধ্যে ১২ লাখ ৪৮ হাজার ১২৯ টি পরিবারকে স্যানিটেশনের আওতায় আনা হয়েছে।

এতে জানানো হয়, পৌর এলাকায় ১৮ লাখ ৫১ হাজার ৩৩৭ টি পরিবারের মধ্যে ১৪ লাখ ৭৫ হাজার ৪১৯ টি পরিবার এবং সিটি করর্পোরেশনের আওতায় ১২ লাখ ১৬ হাজার ৪২৪ টি পরিবারের মধ্যে নয় লাখ ৫৪ হাজার ৪৯১ টি পরিবার স্যানিটেশন প্রকল্পের আওতায় স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ব্যবহার করছে।

এ সময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব ছাড়া এলজিইডির প্রধান প্রকৌশলী, সিটি করর্পোশনের কর্মকর্তা ছাড়াও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।