টাইমস’র অভিমত: সু-সাংবাদিকতার এখন বড়ই দুর্দিন
প্রচার মাধ্যমে বিশ্বায়ন এবং ডিজিটাল মিডিয়ার ’অনুপ্রবেশ’ সম্পর্কে ডেভোসে বিশ্বের প্রথমসারির সাংবাদিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সম্প্রতি সিঙ্গাপুরের ‘দি স্ট্রেইট টাইমস’র প্রধান সম্পাদক চেয়ং ইইপ সেং (Cheong Yip Seng) ‘দি ব্যাড নিউজ অ্যাবাউট গুড জার্নালিজম’ শীর্ষক একটি নিবন্ধ রচনা করেন।
টাইমস-এ প্রকাশিত এই নিবন্ধটি ভাষান্তর করেছেন বিডিনিউজ’র সাংবাদিক শেখ সাবিহা আলম:
ডেভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মূল সম্মেলন কেন্দ্রের বাইরে গত সপ্তাহে গণমাধ্যমের কয়েকজন সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিডিয়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।
উৎকৃষ্ট সাংবাদিকতার ঐতিহ্যর স্থায়িত্ব কতটুকু? এ সাংবাদিকতাকে টিকিয়ে রাখতে যে রসদের প্রয়োজন, আদৌ তার যোগান থাকবে কি না? এ রকম নানা বিষয় নিয়ে সেদিন তারা মত বিনিময় করেন।
ডিজিটাল মিডিয়ার উত্থানে খবরের কাগজ যে ক্রমশ: স্টক মার্কেটের ইঁদুর দৌড়ে পিছিয়ে পড়ছে, আলোচনায় এ বিষয়টি স্পষ্টভাবে ফুটে ওঠে। এ নিয়ে মার্কিন প্রচার মাধ্যমের উদ্বেগ ছিলো লক্ষ্যনীয়।
তবে মূল কথা হচ্ছে, মার্কিনীদের এ তাপ-উত্তাপের ছোঁয়াচ সারা বিশ্বের প্রচার মাধ্যমগুলো এরই মধ্যে অনুভব করতে শুরু করেছে।
বিশেষত: অল্প বয়সী পাঠকেরা সনাতনী খবরের কাগজে মুখ গুঁজে না থেকে ইন্টারনেটেই প্রয়োজনীয় তথ্য খুঁজছেন। তাই খবরের কাগজ এখন ক্রমশই আবেদন হারাচ্ছে।
অন্যদিকে স্টকমার্কেটে সংবাদপত্রের দরপতনের সাথে সাথে লগ্নিকারি কোম্পানিগুলোও বেপরোয়া পদক্ষেপ নিতে পিছপা হচ্ছে না। কখনো কর্মী ছাঁটাই, আবার কখনো বিদেশী সংবাদের প্রচার কমিয়ে দিয়ে তারা ব্যয়সংকোচ করতে চাইছে।
এতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হলেও ধীরে ধীরে দারুন ক্ষতির শিকার হচ্ছে সাংবাদিকতা শিল্প।
নিউজউইকের চেয়ারম্যান এবং প্রধান সম্পাদক রিচার্ড স্মিথের কাছে ওয়াল স্ট্রীটের এই ক্ষতিকর বলয় থেকে বেরিয়ে আসতে এখন কি করা যায়, তা জানতে চাওয়া হলে তিনি পাল্টা প্রশ্ন রাখেন, আপনি কি ২০ ভাগ লাভজনক একটি মাঝারি শ্রেণীর সংবাদপত্রের মালিক হতে চান? না কি মানসম্পন্ন হলেও তুলনামূলকভাবে কম লাভজনক এমন সংবাদপত্র আপনার কাম্য?
মার্কিন গণমাধ্যমসহ পুরো বিশ্বেই এখন এ প্রশ্ন দেখা দিয়েছে। যুগ যুগ ধরে সনাতনী সংবাদপত্রের ব্যবসার সঙ্গে যারা জড়িত, তারা সকলেই এখন ব্যবসায়ীক ওই দিকটি নিয়ে নতুন করে ভাবতে বসেছেন।
আবার অনেকেই মার্কিনী বা তাদের ইউরোপীয় সহযোগিদের বিরুদ্ধে খামোখাই আতঙ্ক ছড়ানোর অভিযোগ এনেছেন।
কিন্তু মনে রাখা ভালো-যারা সেদিন আলোচনায় অংশ নেন, তারা কেউ ভুঁইফোড় প্রতিষ্ঠানের নন; প্রত্যেকেই সুপ্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমকে প্রতিনিধিত্ব করেন। তাদের কেউ নিউজউইক, কেউ বিজনেস উইক, কেউ ফিনান্সিয়াল টাইমস, আবার কেউ বা বিবিসি'কে প্রতিনিধিত্ব করেন।
তারা প্রত্যেকেই দায়িত্বশীল সাংবাদিকতাকে বাঁচিয়ে রাখতে বদ্ধপরিকর। কিন্তু এ জন্য যে মূল্য দিতে তাদের দিতে হচ্ছে, তাকে এক কথায় পাহাড়সম বলা যায়। কারণ দায়িত্বশীল সাংবাদিকতার পরিচালনা ব্যয় নেহাত কম নয়।
একটি প্রতিবেদন সুষ্ঠুভাবে করতে প্রয়োজন যথেষ্ট সময়; এ ছাড়া প্রয়োজনে সাংবাদিকদের বিশ্বের গুরুত্বপূর্ণদেশগুলোর রাজধানীতে আবাসনের ব্যবস্থা করে দেওয়াও দরকার। আর এসব কিছুর জন্য চাই বিপুল পরিমাণ অর্থ।
সংবাদপত্রগুলো প্রচুর বিজ্ঞাপন পেয়ে থাকে বলে খরচের সামান্য একটা অংশ এ থেকে অবশ্য মেটে। তবে ক্ষেত্রেও সমস্যা তৈরী করছে ইন্টারনেট। ইন্টারনেটে এখনো বিজ্ঞাপনদাতার সংখ্যা কম হলেও তারা এখন যে ভাবে ডিজিটাল বিজ্ঞাপনের দিকে ঝুঁকছে তাতে খবরের কাগজের জন্য তা ভবিষ্যতে দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে।
ইন্টারনেটে বিজ্ঞাপনের ছড়াছড়ি যে শুধু আমেরিকাতেই বাড়ছে তা নয়, বরং আলাপকালে একজন নামকরা প্রকাশক আক্ষেপ করে তো বলেই ফেললেন, গত পাঁচ বছরে তার প্রায় পাঁচ লাখ কপি ক্ষতি হয়েছে।
অন্যদিকে অদূর ভবিষ্যতে অন্যান্য দেশগুলো যে একই রকম সঙ্কটে পড়বে, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।
এ অবস্থায় আকাঙ্খার সাথে প্রাপ্তির হিসেব মেলানো এখন শুধু কঠিনই নয়; বরং রীতিমত তা অসম্ভব হয়ে পড়ছে। পশ্চিমা বিশ্বের বাইরের দেশগুলো প্রয়োজনীয় রসদ জোটাতে রীতিমত যুদ্ধ করে চলেছে। তবুও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য অনেক সময়ই তাদেরকে পৃথিবীর সমৃদ্ধিশালী মিডিয়া হাউজগুলোর দিকে তাকিয়ে থাকতে হয় ।
উদাহরন হিসেবে সিঙ্গাপুরের স্ট্রেট টাইমস’র কথা বলা যায়। সংবাদপত্রটির নেটওয়ার্ক সুবি¯তৃত; সেই টোকিও থেকে উত্তরে ইন্দোনেশিয়া পর্যন্ত। অর্থনৈতিক দিক থেকেও এটি বেশ শক্ত অবস্থানে রয়েছে। তারপরও পুরো বিশ্বর তথ্য সংবাদ প্রচার করার ক্ষমতা নেই পত্রিকাটির।
তাই হামাস যখন ফিলিস্তিনের নির্বাচনে নাটকীয় জয়লাভ করে, তখন নির্বাচনের প্রবল উত্তেজনাময় খবরাখবর আর সংবাদ বিশ্লেষণের জন্য পত্রিকাটিকে ফিলিস্তিন ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, জেরুজালেম, ওয়াশিংটন, ইউরোপের বেশক’টি দেশসহ মস্কোর ওপর নির্ভর করতে হয়।
কেবল রাজনীতির ক্ষেত্রে নয়, জেনারেল মটরস যখন ডুবতে বসেছে, তখন আমেরিকায় এর ভবিষ্যত কেমন হতে পারে, তারা এর ধাক্কাটুকু সামলে নিতে পারবে কি না-এ ব্যাপারগুলো জানতেও প্রচারমাধ্যমগুলোকে একটা গ্লোবাল নেটওয়ার্কের আওতায় কাজ করতে হচ্ছে। যেমন, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও জাপানের মধ্যে ত্রিপক্ষীয় সম্পর্ক বিশ্লেষণ করতে গেলে আটঘাঁট বেঁধে তিনটি দেশ সম্পকের্ই জানতে হবে।
আসলে এ সবই হলো বিশ্বায়নের প্রভাব। এর ফলে খবরের পরিধি ক্রমশ: বিশাল হচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে উদীয়মান দেশগুলো ঠিক যতটা সমন্বিত হচ্ছে ততই এক দেশের সাথে অন্য দেশের ব্যবধান কমে আসছে।
যেমন হামাস কিংবা ইরানের আণবিক শক্তি বৃদ্ধির উচ্চাকাঙ্খা মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়াচ্ছে বলে তেলের দাম ক্রমশ: হচ্ছে ঊর্ধ্বমূখী। প্রভুর আসনে থাকা দেশগুলোতে এর প্রভাব কেমন পড়ছে, চীন কিংবা ভারত এই সমস্যাকে ঠিক কি দৃষ্টিকোণ থেকে দেখছে-এসব আন্তর্জাতিক খবরাখবর বিশ্বায়নের বিস্তারে ক্রমশ: দেশীয় মাত্রা পাচ্ছে।
আমরা আমাদের স্টক মার্কেটকে এই ছোঁয়াচ থেকে বাঁচিয়ে রাখতে পারব না। সিংগাপুরের বাঘা বাঘা সব কর্পোরেট হাউসগুলোও তাদের স্বাতন্ত্র বজায় রাখতে পারছে না।
তবে আশার কথা হলো ওযারেন বাফেটের মত সুচিন্তিত: একটি মতামতের পরও কিন্তু কথা থেকে যায়।পশ্চিমের আনেক পত্র-পত্রিকা কিন্তু আজ অবধি সাবেকি চালে চলার পক্ষপাতি।নিউইয়র্ক টাইমস এর স্বত্ত্বাধিকারি সুলজবার্গার পরিবার তাদের পত্রিকার উৎকৃষ্ট মান যেমন বজায় রাখতে সক্ষম হয়েছেন, তেমনি শেয়ারহোল্ডারদের সন্তুষ্টিও ধরে রাখতে পেরেছেন।
কিন্তু সবাই এ ধাক্কাটা সামলাতে পারছেন না। নাইট-রিডার গ্রুপের কথাই বলা যাক। মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বৃহত্তম মিডিয়াগ্রুপ এটি। এর অবস্থান পড়তির দিকে হলেও নাইট-রিডার একেবারে নড়বড়ে কোনো প্রতিষ্ঠান নয়। তবু বিনিয়োগকারীদের তারা সন্তুষ্ট করতে পারছে না। ২০০৪ এ মুনাফা যেখানে ১৯ শতাংশ ছিলো, এ বছরের প্রথম চার মাসে আগের বছরের তুলনায় এর প্রায় ২২ শতাংশ দর পড়ে যায়। আমেরিকার বিভিন্ন মিডিয়ার সম্পাদকরা এই পতন পর্যবেক্ষণ করছেন। আর তারা এও মনে করছেন ওয়ালস্ট্রীটের কাছে একবার আত্মসমর্পন করা মানে নিজের অস্তিত্বকে বিপন্ন করা।
এ অবস্থায় প্রশ্ন উঠেছে, তাহলে সত্যিই কি দায়িত্বশীল সাংবাদিকতার দ্বার রুদ্ধ হতে চলেছে?
সাপ্তাহিক কিংবা মাসিক পত্রিকাগুলোর প্রকাশনা ব্যয় কম হওয়ায় তারা এ যুদ্ধে মান বজায় রাখতে পারবেন বলে আশা করা যায়। তবে সেখানেও একটি আশঙ্কা রয়ে যায়। সংবাদ পরিবেশনের দিক থেকে পত্রিকাগুলো সবসময় পিছিয়ে থাকে। সারা বিশ্বকে নখদর্পণে রাখতে পাঠক চান টাটকা খবর।
এ ব্যাপারে বিবিসি’র প্রসঙ্গ আনা যায়। জনপ্রিয় এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে বিবিসি’র জুড়ি নেই। তাই সাধারণ জনগণ সবার আগে সব খবর ছবিসহ পেতে আগ্রহের সঙ্গেই বিবিসিকে অর্থ যুগিয়ে থাকে।
পত্রিকাগুলোর তুলনায় জনপ্রিয় সাংবাদিকতা স্টকমার্কেটের ঘূর্ণিচাকায় এবং পাঠকপ্রিয়তার ক্ষেত্রে সবসময় এগিযে থাকে। অল্প সময়ে সুলভমূল্যে শেয়ারহোল্ডারদের ঝক্কি ঝামেলা এড়িয়ে দরকার পড়লে এরা মানসম্মত সাংবাদিকতার ঝুঁকিও নিতে পারে। তারা প্রয়োজনে সুচারুভাবে কোনো দায়িত্বশীল প্রতিবেদন তৈরিতে তহবিলেরও যোগান দিতে পারে।
তাহলে মিডিয়া কোম্পানিগুলোর করণীয় কি?
দক্ষিণ কোরীয়ার একজন সাংবাদিক চটপট এর উত্তর দিলেন, গড ফাদারের খোঁজ করুন।
ঠাট্টা নয়; বাস্তবত আজকাল এমনটাই ঘটছে। নির্মাতা প্রতিষ্ঠানের কাছে অর্থের যোগান সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই মাঠে নামছে কোনো কোনো সংবাদ মাধ্যম। অবশ্য কতটা নির্ভরযোগ্য সংবাদ তারা সরবরাহ করতে সমর্থ তা এটি প্রশ্ন সাপেক্ষ বিষয়। নির্মাতা প্রতিষ্ঠানগুলো আসলে তাদের ব্যবসায়িক স্বার্থে প্রচার মাধ্যমকে হাতে রাখতে চায়।
তবে পত্রিকাগুলো আর একটি উপায়ে সসম্মানে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। যেমন, সুলজবার্গাররা তাদের নিয়মিত ব্যবসার সাথে শিক্ষা বিষয়ক একটি লাভজনক ব্যবসা পরিচালনা করছে।
নিউইয়র্ক টাইমস’র মালিক সুলজবার্গারদের মত অনেকেই এ ব্যবসাকে পারিবারিক সূত্রে পাওয়া প্রিয় কোনো সম্পত্তি বলে মনে করায় মুখ ফিরিয়ে নিতে নারাজ।
লন্ডনের জনপ্রিয় ট্যাবলয়েড সান’র রুপার্ট মার্ডকের অবশ্য টিকে থাকার কৌশলটি কিছুটা ভিন্ন। জনপ্রিয় সাংবাদিকতা থেকে প্রাপ্ত অর্থ তিনি সাম্রাজ্যের অন্যান্য প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা দায়িত্বশীল সংবাদপত্রের মঙ্গলের স্বার্থে ব্যয় করতে চান।
হয়তো ডেভোসে জড়ো হওয়া ওই সব সাংবাদিক যা আলোচনা করলেন একেবারেই তা এককেন্দ্রিক ছিলো; যে দেশ তথ্য সম্পদে পিছিয়ে রয়েছে তাদের জন্য আমাদের এই মত বিনিময় কি ফল বয়ে আনবে? আর ভোটে নির্বাচিত হয়ে আসা জনপ্রিয় সরকারেরই বা এমন আলোচনায় কি ক্ষতিবৃদ্ধি হবে? যে ওয়াল স্ট্রীট নিয়ে এত আলোচনা তারই বা কি পরিবর্তন ঘটালাম আমরা? সে নিজেই তো বিশ্ব অর্থনীতির চাকার সাথে ছুটছে।
তবুও সংবাদপত্রের ভবিষ্যত ভাবনার দায়িত্ব প্রচার মাধ্যমের সম্পাদক বা সাংবাদিকসহ সকলের। কারণ সংবাদ হলো একটি শক্তি; অর্থনীতির চাকা ঘোরাতে এর অবদান অনস্বীকার্য। এর কোনো বিপর্যয় দেখা দিলে কারও জন্যই তা মঙ্গলজনক হবে না-এ কথা সুনিশ্চিত।
