২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ‘বিয়ন্ড বর্ডারস’ আন্তর্জাতিক যুব সম্মেলন

ব্রিটিশ কাউন্সিলে ১৯ ফেব্রুয়ারি থেকে পাঁচ দিনব্যাপী ‘বিয়ন্ড বর্ডারস’ আন্তর্জাতিক যুব সম্মেলন শুরু হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2006, 05:39 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

ব্রিটিশ কাউন্সিলের বিশ্বব্যাপী গৃহীত উদ্যোগ ‘কানেক্টিং ফিউচার’ এর আঞ্চলিক প্রকল্প ‘বিয়ন্ড বর্ডারস’। যুক্তরাজ্য ও দক্ষিণ এশিয়ার ১৮ থেকে ২২ বছর বয়সী যুব সমাজের মধ্যে পারস্পরিক সমঝোতা, শিক্ষা ও শ্রদ্ধা গড়ে তোলাই এ প্রকল্পের লক্ষ্য।

ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশ ও ডেমোক্র্যাসিওয়াচ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে।

শনিবার এক সংবাদ সম্মেলনে ডেমোক্রাসিওয়াচের নির্বাহী পরিচালক তালেয়া রেহমান একথা জানান। ব্রিটিশ কাউন্সিলের সুশাসন বিষয়ক প্রকল্প কর্মকর্তা শাবনাজ জাহেরীন ও ডেমোক্রাসিওয়াচের প্রকল্প ব্যবস্থাপক মিনহাজ আলমও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

তালেহা রেহমান বলেন, রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ঢাকা শেরাটন হোটেলে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত এ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে, ‘লাভ, লিভ, এক্সপ্রেস, একসেস’। দক্ষিণ এশিয়ার যুব সমাজকে তাদের পরিচিতি, বৈচিত্র্য ও সক্রিয় নাগরিকত্বের সাথে সংযুক্ত করাই হবে সম্মেলনের লক্ষ্য।

শাবনাজ বলেন, এবারের সম্মেলনের মধ্যেই পড়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটি দেশী বিদেশী যুব সমাজের মধ্যে বিভিন্ন সংস্কৃতি বুঝতে এবং শ্রদ্ধা তৈরিতে ভূমিকা রাখবে।

এ প্রকল্পের আওতায় ২০০৫ সালের নভেম্বরে ভারতে এবং ২০০৬ সালের জানুয়ারিতে পাকিস্তানে বেশ কিছু উৎসব, সম্মেলন ও শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরই ধারবাহিকতায় বাংলাদেশে তৃতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তীতে চলতি বছরের মার্চে যুক্তরাজ্য ও শ্রীলংকায় এ ধরনের সম্মেলন অনুষ্ঠিত হবে।