২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়: এক সঙ্গে ৪টি ডিসি-১০ গ্রাউন্ডেড!

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক রুটের চারটি উড়োজাহাজ (ডিসি-১০) এক সঙ্গে বসে গেছে (গ্রাউন্ডেড)। বিমানের ইতিহাসে এ ধরণের বড় ফ্লাইট সিডিউল বিপর্যয় এই প্রথম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2006, 09:57 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

বিমান সূত্র জানায়, এই বিপর্যয় সামাল দিতে গিয়ে বিমানের সব কয়েকটি আন্তর্জাতিক, আঞ্চলিক ও অভ্যন্তরীণ রুটের ফ্লাইট সিডিউল একেবারে ভেস্তে গেছে। ফলে যাত্রী ও তাদের আত্মীয় পরিজনদের দুর্ভোগ-উৎকন্ঠা উঠেছে চরমে।

পরিস্থিতি সামাল দিতে বিমানকে অন্তত: ১৭ টি ফ্লাইট রি-সিডিউল করতে হয়। এরপরেও এই রি-সিডিউল ফ্লাইটগুলো ঠিকঠাক মতো রক্ষা করা যাবে কি না-সংশ্লিষ্টরা তা নিয়েও সন্দিহান।

জানা যায়, বিমানের ঢাকা-নিউ ইয়র্ক রুটের একটি ডিসি-১০ যান্ত্রিক ক্রটির কারণে বৃহষ্পতিবার রাতে ব্রাসেলসে গ্রাউন্ডেড হয়। একই কারণে সংস্থার অপর দুটি ডিসি-১০ বেশ কিছুদিন ধরেই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে গ্রউন্ডেড হয়ে আছে। বিমানের আরেকটি ডিসি-১০ জরুরি রক্ষণাবেক্ষণের (সি-চেক) কারণে হ্যাঙ্গারে রয়েছে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক কর্নেল (অব.) মাহমুদুর রহমান নিশ্চিত করে পুরো বিষয় সম্পর্কে বিডিনিউজকে বলেছেন, উড়োজাহাজ সংকটের কারণে আগামী তিন দিনের জন্য সংস্থার সব ক’টি রুটের ফ্লাইট সিডিউল আবার ঢেলে সাজাতে হচ্ছে। ফলে, অন্য যে কোনো সময়ের চেয়ে যাত্রী দুর্ভোগ এখন বেড়েছে।

তিনি বলেন, আমরা চেয়েছিলাম, জরুরি ভিত্তিতে অন্তত মধ্যপ্রাচ্যের বিপুল সংখ্যক যাত্রীদের অন্য এয়ারলাইন্সে ব্যবস্থা করতে। কিন্তু ওই সব এয়ারলাইন্সেও আসন না থাকায় তা সম্ভব হচ্ছে না। ফলে এখন অধিকাংশ ফ্লাইটই বিলম্বিত করতে হচ্ছে।

কর্নেল মাহমুদ বলেন, আমরা দেখেছি, বিমানের উড়োজাহাজের সংখ্যা না বাড়ালে এ ধরণের বিপর্যয় আবারো যে কোনো সময় হতে পারে। এ কারণে ভবিষ্যতে এ ধরণের পরিস্থিতি সামাল দিতে আমরা খুব শিগগিরই লিজে দুটি এয়ারবাস সংগ্রহ করবো।

বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্থার ওই সংকটজনক পরিস্থিতিতে অন্তত: ১৭ টি ফ্লাইট রি-সিডিউল করতে হয়। রি-সিডিউল করা ফ্লাইটগুলোর মধ্যে:

বৃহস্পতিবারের জেদ্দা-রোম-ফ্রাঙ্কফুট ফ্লাইট (বিজি ০৫৭) শনিবার বিকাল ৪ টায়, শুক্রবারের চট্টগ্রাম-জেদ্দা ফ্লাইট (বিজি ০৩৭) রোববার রাত ১২ টা ১ মিনিটে, একই দিনের কুয়েতগামী ফ্লাইট (বিজি ০৪৩) শনিবার বিকাল ৩ টায়, হংকংগামী ফ্লাইট (বিজি ০৭৮) রোববার বিকাল ৩ টায়, দুবাই-ব্রাসেলস-নিউ ইয়র্কগামী ফ্লাইট (বিজি ০১১) রোববার রাত ১১ টায়, দাম্মাম-রিয়াদগামী ফ্লাইট (বিজি ০৪৯) রোববার বিকাল সাড়ে ৫টায়, ব্যাংকক-সিঙ্গাপুরগামী ফ্লাইট (বিজি ০৮৪) রোববার সকাল ৮ টায় ও রাত সাড়ে ১২ টার কুয়ালালামপুরগামী ফ্লাইট (বিজি ০৮২) রোববার রাত সাড়ে ৮টায় এবং রোববার দুবাই-প্যারিস-রোমগামী ফ্লাইট (বিজি ০৫৫) ওইদিনই রাত ১০ টায়, বৃহস্পতিবারের রিয়াদগামী ফ্লাইট (বিজি ০৩৯) শনিবার বেলা পৌনে ১২ টায়, শনিবারের রিয়াদগামী ফ্লাইট (বিজি ০৩৯) সোমবার সকাল ১০ টায়, রোববারের রিয়াদগামী ফ্লাইট (বিজি ০৩৯) সোমবার রাত পৌনে ১ টায়, বুধবারের চট্টগ্রাম-মাসকাটগামী ফ্লাইট (বিজি ০২১) শনিবার বিকাল ৪টায়, রোববারের একই রুটের ফ্লাইট (বিজি ০২১) সোমবার সকাল ৭টায়, বৃহস্পতিবারের আবুধাবীগামী ফ্লাইট (বিজি ০২৭) শনিবার রাত আড়াইটায়, শনিবারের মুম্বাই-দুবাইগামী ফ্লাইট (বিজি ০২৯) রোববার সন্ধ্যা সাড়ে ৭ টায় ও শনিবারের কুয়েত-আবুধাবীগামী ফ্লাইট (বিজি ০১৯) সোমবার রাত পৌনে ১১ টায় যাত্রা করার কথা।

জানা যায়, বিমানের উড়োজাহাজ বহরে এখন সচল ২টি ডিসি-১০, চারটি এয়ারবাস ও চারটি এফ-২৮ রয়েছে।

জাতীয় পতাকাবাহী বিমান তিনটি মহাদেশের ২৬ টি আন্তর্জাতিক ও সাতটি অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন করে।