নড়াইলে র্যাবের সাথে ক্রসফায়ারে জনযুদ্ধের আঞ্চলিক নেতা নিহত
পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির (এম এল জনযুদ্ধ) আঞ্চলিক নেতা মো. আক্তার হোসেন শুক্রবার র্যাবের সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়কালে ক্রস ফায়ারে নিহত হয়েছে।
নড়াইল জেলার বায়ইসোনা গ্রামে ভোরবেলা এঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বন্দুক ও গুলি উদ্ধার করা হয়। আক্তার হত্যাসহ একাধিক মামলার আসামি।
র্যাব-৬ জানায় ১৬ ফেব্রুয়ারি ভোরে সাভারের চাপাইন এরাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী আক্তার হোসেনকে র্যাব-৩ এর একটি বিশেষ দল গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে সাভারের র্যাব কার্যালয়ে এবং পরে খুলনায় এনে ব্যাপক জ্জ্ঞ্সিাবাদ চালানো হয়।
র্যাবের ভাষ্যমতে, জিজ্ঞাসাবাদে আক্তার তার সহযোগী ও অস্ত্রভান্ডার সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিলে তার ভিত্তিতে র্যাব-৬ এর একটি বিশেষ দল তাকে নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে অস্ত্র উদ্ধার ও সহযোগী সন্ত্রাসীদের গ্রেফতারের উদ্দেশ্যে নড়াইল জেলায় অভিযান চালায়। জেলার নড়াগাতি থানার বায়ইসোনা গ্রামের মোল্লাপাড়া দারোগার ভিটা নামক স্থানে পৌঁছালে সন্ত্রাসীরা র্যাবের ওপর গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে র্যাব পালটা গুলি চালায়। সুযোগবুঝে সন্ত্রাসী আক্তার পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় ক্রসফায়ারে পড়ে আক্তার ঘটনাস্থলে নিহত হয়। সে খুলনা জেলার রুপসা উপজেলার জোয়ার গ্রামের মৃত ওমর আলী শেখের ছেলে।
র্যাব পরে ঘটনাস্থল থেকে একটি একনলা দেশি বন্দুক ও তিন রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করে।
অভিযানে র্যাব ২৪ রাউন্ড গুলি বর্ষণ করে। এ সময়ে র্যাবের একজন সদস্য আহত হয়।
এ ঘটনায় নড়াইল জেলার নড়াগাতি থানায় মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় জমা দেয়া হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
