২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে নিউমোনিয়া রোগ প্রতিরোধে কার্যকর, টেকসই পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বৈঠকে বিজ্ঞানীরা নিউমোনিয়া রোগ প্রতিরোধের সমস্যা দূর করতে জরুরী ভিত্তিতে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 06:10 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

এ রোগে প্রতি বছর ১০ লাখেরও বেশি শিশু প্রাণ হারায়। স্ট্রেপটোকোকাস নিউমোনেই নামের ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে শিশুদের মধ্যে নিউমোনিয়া ও মেনিনজাইটিসের মতো প্রাণঘাতি রোগ দেখা দেয়। এশিয়ায় এ রোগ প্রতিরোধের সমস্যা চিহ্নিত করতে বৈঠকে স্থানীয়ভাবে পদক্ষেপ নেয়ার ওপর জোর দেওয়া হয়।

নিউমোনিয়া সকল বয়সেই আঘাত হানতে পারে। তবে দুই বছরের কম বয়সী শিশু এবং বয়স্কদের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি।

নিউমোনিয়া আক্রান্ত হয়ে শিশু মুত্যর ক্ষেত্রে কেবল উন্নয়নশীল দেশগুলোতেই ঘটে ৯০ শতাংশ ঘটনা। অপরদিকে, নিউমোনিয়াজনিত মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে প্রায় ৪০ শতাংশ শিশু মারা যায় অথবা কর্মক্ষমতা হারায়।

কলম্বোয় বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে ইপিআই প্লাস, টিকা ও জীববিজ্ঞানীদের সমন্বয়ক ডা. থমাস চেরিয়ান বলেন, নিউমোনিয়া রোগের সমস্যা চিহ্নিতকরণ এবং বিদ্যমান টিকার কার্যকারিতা মূল্যায়নে কার্যকর পর্যবেক্ষণ প্রয়োজন।

নিউমোনিয়া একটি বিশ্বব্যাপী স্বাস্থ্য সমস্যা এবং এশিয়ায় এটি একটি উদ্বেগের বিষয়। পরিসংখ্যানে দেখা যায়, ২০০৩ সালে শ্রীলংকার লেডি রিজওয়ে হাসপাতালে ৭৯৪ জন নিউমোনিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়, যাদের মধ্যে ৩২ জনের মৃত্যু হয়। অন্যদিকে, ২৯৫ জন মেনিনজাইটিস আক্রান্ত রোগীর মধ্যে ৯ জন মারা যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জিএভিআই’র নিউমোএডিআইপি যৌথভাবে বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের এ বৈঠকের আয়োজন করে। এতে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, কোরিয়া, মঙ্গোলিয়া, নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ড ও ভিয়েনতামসহ এশিয়ার বেশ কয়েকটি দেশের বিশেষজ্ঞরা অংশ নেন।

শ্রীলংকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান ইপিডেমায়েলজিস্ট ডা. নেহাল আবেসিঙ্ঘে বলেন, শ্রীলংকা দক্ষিণ এশীয় নিউমোনিয়া জোটের (এসএপিএএ) একটি অংশ এবং দেশটি মানগতদিক বজায় রেখে যথাযথ পদ্ধতির মাধ্যমে নিউমোনিয়া সংক্রান্ত একটি পর্যবেক্ষণ পরিচালনা করেছে।

তিনি শ্রীলংকায় নিউমোনিয়া রোগের কার্যকর ও টেকসই পর্যবেক্ষণের জন্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জিএভিআই’র নিউমোএডিআইপি’র কারিগরি ও আর্থিক সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।