২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় শীর্ষ চরমপন্থী নেতা গ্রেপ্তার, ছাড়িয়ে নেয়ার জন্যে ক্ষমতাসীন দলের তদবির

হত্যা মামলার আসামী কুষ্টিয়ার শীর্ষ চরমপন্থী নেতাকে পুলিশ বুধবার রাতে গেপ্তার করেছে। তাকে ছাড়িয়ে নেয়ার জন্যে ক্ষমতাসীন দলের নেতাদের বিরামহীন তদবির চলছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 05:45 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে শহরতলীর চৌড়হাস এলাকা থেকে সদর থানা পুলিশের একটি দল আসলাম ওরফে আসমত আলীকে (৩৬) গ্রেপ্তার করে। সে কুমারগাড়া গ্রামের হোসেন আলীর ছেলে।

পুলিশ জানায়, সে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর আঞ্চলিক নেতা। তার বিরুদ্ধে ছয়টি হত্যা মামলা, অপহরণ, চাঁদাবাজী, নারী নির্যাতনসহ অসংখ্য অভিযোগ রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বড় ভাই ফিলিং ষ্টেশনের মালিক আকবর আলীর সাথে কুষ্টিয়ার ক্ষমতাধর রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের সুসম্পর্ক থাকার কারণে এতোদিন সে ধরা ছোয়ার বাইরে থেকেছে।

৪ জানুয়ারী রাতে এমআরএস শিল্পকারখানার সুপারভাইজার রফিককে শ্বাসরোধ করে হত্যার পর কারখানার অদূরে রাস্তার ধারে তার লাশ ফেলে রাখা হয়। এই হত্যাকান্ডে আসমত আলীর জড়িত থাকার তথ্য পাওয়া পেয়েছে পুলিশ।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে শহরতলীর চৌড়হাস এলাকা থেকে গেপ্তার করে।

সদর থানার সেকেন্ড অফিসার এসআই মশিউর রহমান জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তার অপকর্মের নানা কাহিনী বেরিয়ে আসতে শুরু করেছে।

সে গত বছরের এপ্রিল মাসে সামসুল হক হত্যার কথাও স্বীকার করেছে।