২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহানবী (সা:) ব্যঙ্গচিত্র নিয়ে ঝগড়ায় ১ ভারতীয় নাবিকনিহত

মহানবী (সা:) এর ব্যঙ্গচিত্র নিয়ে ঝগড়ায় নিহত হয়েছে এক ভারতীয় নাবিক। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা শহরের কাছে একটি জাহাজে এ ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 04:52 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, নিহত নাবিকের নাম সুধীর নোনিয়া জগন্নাথ (৩১)।

সংবাদসূত্র জানায়, সুধীর নরওয়ের একটি তেলবাহী জাহাজের ফিটার। সে ভারতের মুম্বাইয়ের বাসিন্দা। ডেনমার্কের সংবাদপত্রে প্রকাশিত মহানবী (সা:) এর ব্যঙ্গচিত্র নিয়ে তার সঙ্গে সহকর্মীদের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তা রূপ নেয় মারামারিতে। এক সময় তার রক্তাক্ত দেহ জাহাজের ডেকের ওপর দেখতে পায় সহকর্মীরা।

ঘটনার পর ফুজাইরার পুলিশ জাহাজের ক্যাপ্টেন ও সব নাবিককে গ্রেপ্তার করেছে।

ফুজাইরার হাসপাতাল সূত্র জানিয়েছে, সুধীরের মাথা সম্পূর্ণ থেঁতলে গেছে। তার কাঁধে নানা জনের দাঁতের কামড়ের দাগ রয়েছে । শরীরের বিভিন্ন অংশে মারধর ও শ্বাসরোধের চিহ্নও পেয়েছেন চিকিৎসকরা।

দুবাইয়ের ভারতীয় দূতাবাস জানিয়েছে, সুধীরের নিহত হওয়ার খবর জেনে তাদের প্রতিনিধিরা ফুজাইরা হাসপাতালে যান। ‘তদন্তের স্বার্থে’ এর চেয়ে বেশি কিছু জানায়নি দূতাবাস। তবে ওই জাহাজের সব নাবিকই ভারতীয় বলে জানা গেছে।