ডিজেলের পাশাপাশি বিদ্যুত সংকটে সেচ ব্যাহত; চাঁপাইনবাবগঞ্জে অর্ধেক জমি অনাবাদি থাকার আশঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে একদিকে ডিজেল সংকট অন্যদিকে বিদ্যুতের ভয়াবহ বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়েছে ইরি বোরো চাষীরা। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক জমি অনাবাদি থেকে যাওয়ার আশংকা করা হচ্ছে।
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সফরে এসে বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের আশ্বাসের পরও বিদ্যুত পরিস্থিতির কোন উন্নয়ন না হওয়ায় কৃষকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
বিদ্যুত উন্নয়ন বোর্ড, চাঁপাইনবাবগঞ্জের আবাসিক প্রকৌশলী মাহফুজুর রহমান বিদ্যুত সংকটের কথা স্বীকার করে বলেছেন, জেলার চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুত সরবরাহ করা হচ্ছে। তিনি জানান, জেলায় প্রতিদিন ৬০ মেগাওয়াট বিদ্যুত চাহিদার বিপরীতে পাওয়া যায় গড়ে ৩০ মেগাওয়াট।
পল্লী বিদ্যুতেও একই অবস্থা বিরাজ করছে। জেলার পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকায় বিদ্যুতের চাহিদা প্রতিদিন ৩২ মেগাওয়াট। সরবরাহ পাওয়া যায় গড়ে ১৮ মেগাওয়াট।
অব্যাহত লোডশেডিং ও লো - ভোল্টেজে কৃষিসেচ চরম ভাবে ব্যাহত হচ্ছে। বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিদ্যুত চালিত গভীর নলকুপ রয়েছে ১,২৬৮ টি। বিদ্যুত সংকটের কারনে পর্যাপ্ত সেচকাজ ব্যহত হচ্ছে। লো - ভোল্টেজের কারণেও ক্ষতিগ্রস্থ হচ্ছে গভীর নলকুপের যন্ত্রপাতি।
বিএমডিএ সূত্র জানায়, এ পর্যন্ত লো - ভোল্টেজে ১২৫ টি সাবমার্সেবল পাম্প এবং ৫০ টি ভার্টিক্যাল পাম্প পুড়ে গেছে।
জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর জানায়, এবার ইরি বোরো চাষের লক্ষ্যমাত্রা ছিল ৫৭,৫০০ হেক্টর। কিন্তু আবাদ হয়েছে মাত্র ৩৩,৮৮৫ হেক্টর।
