নীলফামারীর চিলাহাটিতে ডিজেলের দোকানে হামলা
জেলার ডোমার উপজেলার চিলাহাটি বাজারে ডিজেল মজুদ করে রাখায় বুধবার দুপুরে বিক্ষুব্ধ কৃষকরা বাবুল হোসেন নামে এক তেল ব্যবসায়ীর দোকান ভাংচুর করেছে।
স্থানীয় সূত্র জানায়, হামলার পর ওই ব্যবসায়ী কৃষকদের কাছে ডিজেল বেচতে বাধ্য হয়।
এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, জেলায় প্রতিদিনের চাহিদা ৪৫ হাজার লিটারের বিপরীতে বুধবার এক লাখ ২৬ হাজার লিটার ডিজেল মজুদ রয়েছে। তাদের দাবি জ্বালানি তেলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কিন্তু কৃষকরা বলছেন, ডিলার ও পাম্পগুলো থেকে গ্রামের খুচরা ব্যবসায়ীরা ডিজেল কিনে নিয়ে গিয়ে মজুদ করায় পরিস্থিতি স্বাভাবিক হয়নি।
গ্রামের খুচরা তেলের দোকানগুলোতে ডিজেল না পেয়ে কৃষকদের শহরের ডিলার ও পাম্পগুলোতে গতকাল দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ডিজেল সংগ্রহ করতে দেখা গেছে।
