হবিগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, পুলিশসহ আহত ২০০
হবিগঞ্জের সদর উপজেলায় বুধবার গ্রামের দুটি গ্রুপ ও পুলিশের মধ্যে তিন ঘন্টাব্যাপী ত্রিমুখী সংঘর্ষে ২জন নিহত এবং ৭ পুলিশ ও ইউপি চেয়ারম্যানসহ দুই শতাধিক আহত হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন: শাহেদ মিয়া (৩৭) ও লাল মিয়া (৪৫)।
আহতদের মধ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সজীব আলী এবং গোয়েন্দা শাখার (ডিবি) ওসি হেলালউদ্দীনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশসহ গুরুতর আহত ৪৬ জনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল সাড়ে দশটায় টার দিকে একজন রিক্সা চালক ও যাত্রীর মধ্যে ভাড়া নিয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। উমেদনগর এবং পাথারিয়া গ্রামের বাসিন্দারা তাদের বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে এই সংঘর্ষে লিপ্ত হয়। দুই গ্রামের মাঝখানে অবস্থিত একটি খোলা মাঠে সংঘর্ষ চলতে থাকে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার এমএম মাসুদ ও সমীর কুমার কুন্ডের নেতৃত্বে পুলিশ দলটি ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষে লিপ্ত জনতা তাদের তাড়া করে। এতে এক পর্যায়ে ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন আহত হলে পুলিশ উত্তেজিত হয়ে পড়ে।
গ্রামবাসীকে ছত্রভঙ্গ করার জন্য ১০/১২ রাউন্ড গুলি বর্ষণ, শতাধিক রাউন্ড রাবার বুলেট ও ৭১ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং লাঠিচার্জের মাধ্যমে
গুলিতে উমেদনগর গ্রামের শাহেদ মিয়া ঘটনাস্থলেই মারা যায়। তার পায়ে ও বুকে গুলিবিদ্ধ হয়। লাল মিয়া প্রতিপক্ষের আক্রমনে নিহত হয়।
পরে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ৪টি জিপ গাড়ি ও ১০- ১২ টি দোকানপাট ভাংচুর হয়।
সংঘর্ষের পর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং বর্তমানে গ্রামে বিডিআর ও প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
সর্বশেষ, পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে ওঠার পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সজীব আলীকে প্রতিপক্ষের লোকজন ধারালো দা দিয়ে আঘাত করে। এ ঘটনাকে কেন্দ্র করে আবারও সংঘর্ষ বাঁধতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
