বিভিন্ন নদীর পানি প্রত্যাহারে সৃষ্ট সমস্যা সমাধানে সরকার ভারতের সাথে দীর্ঘমেয়াদী চুক্তির চেষ্টা করছে
পানি সম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন সংসদে বলেছেন, বিভিন্ন নদীর পানি প্রত্যাহারে সৃষ্ট সমস্যা সমাধানে সরকার ভারতের সাথে দীর্ঘমেয়াদী চুক্তির চেষ্টা করছে।
তিনি বলেন, ভারত ফারাক্কায় তিস্তা, ধরলা, দুধকুমার, গোমতি, খোয়াই, মনু, মহুরী ও মহানন্দাসহ বেশ কিছু নদীর উজানে ব্যারেজ নির্মাণ করে পানি প্রত্যাহার করছে। এর ফলে বাংলাদেশে সৃষ্ট পানি সমস্যা সমাধানে সুষ্ঠুভাবে পানি বন্টনে ভারতের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি সম্পাদনে সরকার সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বুধবার সংসদে শাহ মো.সোলরায়মান আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, এসব নদীর পানি বন্টনের পদ্ধতি নির্ধারণে দু’দেশের সচিব পর্যায়ের একটি কমিটি কাজ করছে।
এসএ খালেকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকার পার্শ্ববর্তী টঙ্গী এলাকার তুরাগসহ নিউ ধলেশ্বরী, পুংলি, বংশী, বুড়িগঙ্গা ও টঙ্গী খালের নাব্যতা বৃদ্ধি এবং পানি দোষনের মাত্রা হ্রাসের একটি প্রকল্প বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) অনুমোদন পেলে ৬১০ কোটি টাকা ব্যয়ে প্রকল্প চলতি অর্থ বছর থেকেই বাস্তবায়িত হবে।
