ঝিনাইদহে ক্রসফায়ারে চরমপন্থী ক্যাডার নিহত
ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার ভেড়াখালী গ্রামে বুধবার ভোরে র্যাবের ক্রসফায়ারে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের এক শীর্ষ ক্যাডার নিহত হয়েছে।
নিহতের নাম শহিদুল ইসলাম (৩৫)। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার তিওর বিলা গ্রামে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি দল মঙ্গলবার বিকেলে বাঁশখালী এলাকায় অভিযান চালিয়ে শহিদুলকে গ্রেপ্তার করে।
র্যাবের কাছে শহিদুল তার অস্ত্র ভাণ্ডার এবং সহযোগী সম্পর্কে ব্যাপক তথ্য দেয়। তার দেয়া তথ্য অনুযায়ী র্যাব তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য হরিনাকুণ্ডুর ভেড়াখালী গ্রামের একটি মাঠে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা চরমপন্থীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।
উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় শহিদুল র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় র্যাবের এক সদস্য আহত হয়।
র্যাব ঘটনাস্থল থেকে একটি সার্টার গান, একটি দেশী পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে।
তার বিরুদ্ধে চারটি হত্যাসহ সাতটি মামলা রয়েছে।
