জ্বালানি তেল, বিদ্যুতের পর উত্তরাঞ্চলে এবার সার সংকট
জ্বালানি তেল, বিদ্যুতের লোডশেডিং এবং লো - ভোল্টেজের পর উত্তরাঞ্চলে এবার সার সংকট দেখা দিয়েছে। এসব সমস্যায় ইরি - বোরো চাষে বিপর্যয় দেখা দিতে পারে বলে কৃষকরা আশঙ্কা করছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তরাঞ্চলের ১৬ জেলায় ইরি - বোরো চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ১৪ লাখ ৯,৫৪৩ হেক্টর জমি।
অধিকাংশ জমিতে পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় বিদ্যুৎ চালিত সেচযন্ত্র ব্যবহার করা হয়। সম্প্রতি লো -
ভোল্টেজ ও ভোল্টেজ উঠানামা করায় প্রতিদিন সেচযন্ত্র অকেজো হয়ে পড়ছে। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ১০ থেকে ১২ টাকা। ফলে জমিতে তীব্র সেচ সংকট দেখা দিয়েছে।
এর সঙ্গে যোগ হয়েছে সার সংকট। বগুড়াসহ উত্তরাঞ্চলের ১৬ জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়নগুলোতে ডিলারদের কারসাজিতে কৃষকরা ঠিকমত ইউরিয়া সার পাচ্ছেন না।
যমুনা ফার্টিলাইজারের ৫০ কেজির প্রতিবস্তা ইউরিয়া ১৫ দিন আগে ৩০০ টাকায় বিক্রি হলেও এখন কৃষকদের অতিরিক্ত ৪৫ টাকা গুণতে হচ্ছে। কাফকো’র সার আগে বস্তÍা প্রতি ২৯০ টাকায় পাওয়া গেলেও এখন বিক্রি হচ্ছে ৩৩৫ টাকায়।
এ চিত্র পুরো উত্তরাঞ্চলের গ্রামেগঞ্জে।
কৃষকরা জানান, সরকার ইউনিয়ন পর্যায়ে সার সরবরাহ দিতে ডিলার নিয়োগ করলেও অনেকেই উপজেলা সদরে এনে সার বিক্রি করে থাকেন। প্রত্যন্ত গ্রাম থেকে উপজেলা সদরে গিয়ে সার কিনতে অতিরিক্ত যানবাহন খরচ বহন করতে হয়। এতে বাধ্য হয়েই কৃষকরা ইউনিয়ন পর্যায় থেকে বেশি দামে সার কিনছেন।
তারা অভিযোগ করেন, বিভিন্ন ইউনিয়নের সার ব্যবসায়ীরা সুযোগ বুঝে ৬ / ৭ জন কৃষককে নিজ খরচে উপজেলা সদরে নিয়ে তাদের নামে সার তুলে আনেন। পরবর্তীতে ওই সার তারা কালোবাজারে বিক্রি করে থাকেন।
ইউনিয়ন পর্যায়ের ডিলাররা জানান, গত কয়েকদিন ধরে যমুনা সারের সাপ্লাই নেই, এছাড়া কাফকো সারও ঠিকমত পাওয়া যাচ্ছেনা। অধিক মূল্যে কিনতে হওয়ায় তারা বাধ্য হয়েই সামান্য বেশি দরে ইউরিয়া বিক্রি করছেন।
বগুড়া শহরে সারপট্টি এলাকায় অবস্থিত ডিলার ও ব্যবসায়ীরা জানান, কাফকোর কোন সংকট নেই, তবে চলতি মাসে যমুনা সরবরাহ না দেয়ায় কিছুটা সংকট সৃষ্টি হয়েছে।
