আবারো জাতীয় গ্যাস গ্রিড ছিদ্র করে দেয়ার ঘটনা আবিষ্কার
আবারো জাতীয় গ্যাস গ্রিড ছিদ্র করে দেয়ার ঘটনা ঘটেছে। সম্প্রতি হবিগঞ্জ ও মৌলভিবাজার সীমান্তের মুচাই ম্যানিফল্ড স্টেশনের পাশের লেবু বাগানে নর্থ সাউথ পাইপলাইন ছিদ্র করে দেয়া হয়।
দেশের পুরো গ্যাস চাহিদার এক তৃতীয়াংশ-প্রতিদিন প্রায় ৪৬০ মিলিয়ন ঘনফুট-গ্যাস সরবরাহ হয় এই ২৪ ইঞ্চি পাইপলাইন দিয়ে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ১৩ ফেব্রুয়ারি কোনো এক সময় পাইপলাইনে ছিদ্র হওয়ার বিষয়টি পেট্রোলম্যানদের নজরে আসে। সাথে সাথে বিষয়টি গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এর স্থানীয় এবং কেন্দ্রীয় কর্মকর্তাদের জানানো হয়।
১৪ ফেব্রুয়ারি দিনভর গোপনীয়তার মধ্যে মেরামতকালে দেখা যায় লাইনে ২৩ জায়গায় ছিদ্র করার চেষ্টা হয়। ছিদ্র আবিষ্কার হয় তিন জায়গায়।
এই পাইপলাইনটি মাটির এক মিটার নিচে ছিলো। মাটি খুঁড়ে এটি ছিদ্র করা হয়েছে। কে বা কারা এবং কি কারণে এটি করেছে তা নিয়ে কিছু জানা যায়নি।
বিষয়টি নিয়ে জিটিসিএল এর কেন্দ্রীয় এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা কথা বলতে অস্বীকৃতি জানান।
জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেন, এই ধরনের কোনো ঘটনা তিনি জানেন না।
গত বছরের মার্চ মাসে মৌলভিবাজার গ্যাস ক্ষেত্রের কাছে প্রথম গ্যাস গ্রিডের লাইনে ছিদ্র করার ঘটনা ঘটে। এর আগে ওই এলাকার পাশে কনডেনসেট লাইনে ছিদ্র করার পর সেখানে আগুন লাগিয়ে দেয়া হয়েছিলো।
