বরিশালের নলছিটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৫০
বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বরিশালের নলছিটি উপজেলার গোসারঘাট এলাকায় এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে চারজন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। পুলিশ বুধবার একথা জানায়।
নিহতদের মধ্যে-মনিরুল ইসলাম হাওলাদার (১৩), আফজাল হোসেনের (২৫) পরিচয় পাওয়া গেলেও অপর দুইজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, ফরিদপুর থেকে ছেড়ে আসা পটুয়াখালীগামী যাত্রীবাহী বাসের সাথে পটুয়াখালী থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি ট্রাকের মঙ্গলবার রাতে মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
আহতদের মধ্যে ২২ জনকে আশঙ্কাজনক অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ফরিদপুরের আটরশির ওরস শরীফ শেষে পটুয়াখালী ফেরার পথে বাসটি দুর্ঘটনায় পতিত হয়।
