২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে র‌্যাব-সন্ত্রাসী বন্দুকযুদ্ধ: নিহত ১ আহত ১০ গ্রেফতার ১৮

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সারাল গ্রামে র‌্যাব ও সন্ত্রাসীদের মধ্যে সোমবার রাতে তিনঘণ্টা ধরে গুলি বিনিময়কালে এক সন্ত্রাসী নিহত ও ১০ জন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 05:28 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

র‌্যাব সদস্যরা গ্রামের বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে।

অপর এক ঘটনায় বোয়ালখালী থানা পুলিশ একটি আন্তঃজেলা ডাকাত দলের চারজনকে গ্রেফতার করেছে এবং দুটি বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি দল রাত পৌনে আটটায় কালা মিয়ার বাড়িতে পৌঁছে। ডাকাত দলের সবাই একটি লবণ বেডে ডাকাতি করার জন্য সমবেত হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছুঁড়তে শুরু করে। ডাকাতদের দলটি দু গ্রুপে ভাগ হয়ে র‌্যাবকে দু দিক থেকে গুলি করতে থাকে।

র‌্যাব সদস্যরা এক পর্যায়ে তাদের ঘিরে ফেলে এবং আত্মরক্ষার্থে তারা ৬১ রাউন্ড গুলি চালায়। ডাকাতরা একশ’ রাউন্ডেরও বেশি গুলি চালায়। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

র‌্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, এক পর্যায়ে ডাকাতরা পিছু হটতে শুরু করে এবং এলোপাতাড়ি গুলি বিনিময়ের সময় কালা মিয়ার ছেলে মো. জমিরউদ্দিন (৩৫) গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

পরবর্তীতে আরও ব্যাপক অভিযান চালিয়ে র‌্যাব কালা মিয়ার বাড়ি থেকে ১৪ ডাকাতকে গ্রেফতার করে এবং ছয়টি বন্দুক, ১৩ রাউন্ড গুলি ও পাঁচটি দা উদ্ধার করে।

র‌্যাবের অভিযানে গ্রেফতারকৃতরা হচ্ছে, মো. কামাল, আজিজুর রহমান, জাফর আহমেদ, আলী আহমেদ, রফিকুর রহমান, মাহফুজ মিয়া, মনির আহমেদ, মাহমুদ ইসলাম, মো. ইদ্রিস, নুরুল কাদের, নবী আলম, ফজল কবির, মো. সেলিম এবং আহমেদুল্লাহ।

গ্রেফতারকৃদের ও উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ব্যাপারে দুটি মামলা দায়ের করা হয়েছে।

বাঁশখালী পুলিশ পরবর্তীতে রিপন নামের একজনকে গ্রেফতার করে এবং পরে তার স্বীকারোক্তি অনুসারে জইশতাপুরা গ্রাম থেকে আরও তিনজনকে গ্রেফতার করে। তারা হচ্ছে: আব্দুস সবুর, বেলাল হোসেন, সুভাষ দত্ত ও পলাশ।