কানসাটের ঘটনায় সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে আওয়ামী লীগ
আওয়ামী লীগ সাংসদরা সোমবার জাতীয় সংসদে বিদ্যুতের দাবিতে কানসাটে ১০ জন বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন।
এছাড়াও নির্বাচন কমিশন দলীয়করণ, কিবরিয়া হত্যা মামলা তদন্ত ও বিচার প্রক্রিয়া বাধাগ্রস্থ এবং ডিজেল, সার ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে তারা ক্ষোভ প্রকাশ করেন। এসব নিয়ে আলোচনার সময় সংসদ উত্তপ্ত হয়ে ওঠে।
সোমবার মাগরিবের নামাজের বিরতির পর ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর সভাপতিত্বে বৈঠক আবার বসলে পয়েন্ট অব অর্ডারে আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম কানসাট হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কমিটি গঠনের দাবি তোলেন।
তিনি বলেন, কানসাটে বিদ্যুতের দাবিতে নিরপরাধ মানুষের মিছিলে পুলিশ গুলি চালিয়ে ১০ জনকে হত্যা করে। তারা এ সময় মানুষের বাড়িতে ঢুকে নিরীহ মহিলাদের ওপরও নির্যাতন চালায়।
এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কমিটি গঠন করলেও হামলাকারীদের দিয়ে তদন্ত কমিটি করে অপরাধীদের চিহ্নিত করা সম্ভব নয়। এজন্যে সংসদীয় কমিটি গঠন করা উচিত।
আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক তাকে সমর্থন করে বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। বিদ্যুতের জন্যে মানুষ চাষ করতে পারছে না, উৎপাদন করতে পারছে না। তাদের দাবি যথার্থই ছিল। সারাদেশেই বিুদ্যতের অভাব চলছে। এতে মানুষ উৎপাদন করতে না পেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি এ ঘটনার সুবিচার দাবি করে বলেন, এর আগেও বিএনপি দেশে সারের দাবিতে আন্দোলনরত ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করেছে। ওই ঘটনাতেও কোনও বিচার পাওয়া যায়নি। তাই এ ঘটনার ব্যাপারে সংসদের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া দরকার।
মোহাম্মদ নাসিম অভিযোগ করেন, কানসাট হত্যাকাণ্ডের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতেও আমরা কথা বলতে পারিনি। কানসাটের সাংসদ ও কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া সেখানে আলোচনা করতে দেননি। এ ব্যাপারে নোটিশ দেয়া হলেও তা গ্রহণ করা হয়নি।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সাংসদ শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের বিচারের নামে প্রহসন চলছে। ওই মামলায় অভিযুক্ত কাইয়ুম স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিতে চাইলেও পুলিশ তা নিচ্ছে না। সরকার মামলাকে ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করছে।
পঞ্চানন বিশ্বাস প্রধান নির্বাচন কমিশনার ও নবনিযুক্ত দুই নির্বাচন কমিশনারের নিয়োগকে দলীয়করণ হিসেবে আখ্যায়িত করে তাদের অপসারণের দাবি জানান। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
জবাবে ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী বলেন, বিরোধী দলের পক্ষ থেকে দেয়া নোটিশগুলো সংসদ সচিবালয়ে জমা রয়েছে। এ বিষয়ে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে আলোচনা করা হবে। সেখানেই নোটিশগুলো নেয়া হবে বলে তিনি জানান।
