২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী নির্বাচনে অসাম্প্রদায়িক সরকার গঠনে আদিবাসীরা প্রত্যক্ষ ভূমিকা রাখবে: বিডিনিউজকে সন্তু লারমা

পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাহাড়ের আদিবাসীরা গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক সরকার গঠনে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রাখবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিপ্লব রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

আঞ্চলিক পরিষদের বনানীর কার্যালয়ে সোমবার বিডিনিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সাবেক গেরিলা নেতা সন্তু লারমা এ কথা বলেন।

তিনি বলেন, আদিবাসী অধ্যুষিত অন্যান্য অঞ্চলে যেনো আদিবাসী অধিকার রক্ষা হয়, সে জন্যেও আদিবাসী নেতারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কেননা গণমুখি সরকার প্রতিষ্ঠা না হলে পার্বত্য শান্তিচুক্তি যেমন বাস্তবায়িত হবে না, তেমনি প্রতিষ্ঠা হবে না সারা দেশের আদিবাসীদের অধিকার।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটার তালিকার প্রশ্নে আমরা শান্তিচুক্তি অনুযায়ী দাবি করে আসছি, পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দাদের নিয়ে একটি ভোটার তালিকায় পাহাড়ের সব ধরনের নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। কিন্তু সরকার ও নির্বাচন কমিশন আমাদের দাবি মানছে না। এ অবস্থায় সরাসরি আমরা নির্বাচনে অংশ নেবো কি-না, তা দলগত সিদ্ধান্তের বিষয়।

১৪ দলের তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবকে আপনি সমর্থন করেন কি না?-এ প্রশ্নের জবাবে সন্তু লারমা বলেন, ওই সংস্কার পদ্ধতি যদি ক্ষমতার রাজনীতিতে শুধু কোনো দলীয় পরিবর্তন না এনে গুণগত পরিবর্তন আনে, তবে অবশ্যই আমরা তাকে সমর্থন করি।

তিনি বলেন, দলীয় স্বার্থের বাইরে থাকার জন্যে জাতীয় সরকার গঠন করা জরুরি হয়ে পড়েছে। কেননা একটি গণতান্ত্রিক ও প্রগতিশীল চেতনার জাতীয় সরকার মেহনতি ও পেশাজীবী মানুষের স্বার্থের পাশাপাশি আদিবাসী স্বার্থও রক্ষা করতে পারে।

সারা দেশে জঙ্গি মৌলবাদের উত্থানের বিষয়ে সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রামকে জঙ্গিরা দীর্ঘদিন ধরেই একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। এটি সরকার ও আইন -শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর অগোচরে হয়নি। কিন্তু এতদিন তারা চুপ করে থেকেছে।

তিনি বলেন, এর কুফল এখন শুধু পার্বত্যাঞ্চলের ওপর পড়েছে না, জঙ্গিরা এখন পুরো বাংলাদেশকেই গিলে খেতে চাইছে। পার্শ্ববর্তী ভারত ও মায়ানমারেও এর কুফল পড়বে।

আরেক প্রশ্নের জবাবে সন্তু লারমা বলেন, পাহাড়ে জঙ্গি তথা সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে সেখানে অস্থিতিশীল পরিস্থিতি জিইয়ে রেখে একটি বিশেষ মহলকে সেখানে স্থায়ীভাবে টিকিয়ে রাখা হচ্ছে। এই বিশেষ মহলটি একই কারণে শান্তিচুক্তিবিরোধী ‘সমঅধিকার আন্দোলন’ ও ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) গঠন করেছে।

তিনি বলেন, ইউপিডিএফ নামক সন্ত্রাসী গ্রুপ এখন জনসংহতি সমিতির প্রতি তথাকথিত ‘সাধারণ ক্ষমা’ ঘোষণার ঔদ্ধত্ব দেখাচ্ছে। কারণ তাদের নেপথ্যে রয়েছে সরকার ও সরকারের একটি বিশেষ মহল। অতীতে তারা শান্তিচুক্তির সমর্থক বহু নেতাকর্মীকে হত্যা করেছে। ভিটেমাটি ছাড়া করেছে আরো বহুজনকে। হয়তো কথিত সাধারণ ক্ষমার মেয়াদ (পহেলা বৈশাখ) শেষ হলে তারা আবার আমাদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালাবে।

পাহাড়ের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে সন্তু লারমা বলেন, দীর্ঘ আট বছরেও শান্তিচুক্তি বাস্তবায়িত না হওয়ার সুযোগে পাহাড়ে এখন অসহনীয় অবস্থা বিরাজ করছে।

তিনি বলেন, শান্তিচুক্তিতে পার্বত্যাঞ্চলকে আদিবাসী অধ্যুষিত অঞ্চল বলা হলেও সেখানে বছরের পর বছর বহিরাগত বাঙালি সেটেলারদের পাহাড়ি জমিতে অভিবাসন দেওয়া হচ্ছে। পাহাড়িদের পরিণত করা হয়েছে সংখ্যালঘুতে। বান্দরবানে ৩০ হাজার রোহিঙ্গা এখন ভোটার তালিকাভুক্তির অপেক্ষায়। আগামী নির্বাচনে এদের ভোটকে আদিবাসী দমনে কাজে লাগানো হবে।

সন্তু লারমা বলেন, এত দমন-নিপীড়নের পরও আমি আশাবাদী এই ভেবে, আদিবাসী পাহাড়িদের সংগ্রাম থেমে নেই। কারণ আমরা মানুষের সকল অধিকার নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই। আদিবাসী মানুষ একদিন ঘুরে দাঁড়াবেই।