২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরানা পল্টনে বন্দুকধারীদের গুলিতে ৬ হোটেল কর্মচারি আহত

নগরীর পুরানা পল্টনের একটি আবাসিক হোটেলে রোববার সন্ধ্যায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি বর্ষণে ছয়জন হোটেল কর্মচারি আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 09:50 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

এই হামলার সাথে জড়িত সন্দেহে পুলিশ হোটেল ম্যানেজার ও আরও দুই কর্মচারিকে গ্রেপ্তার করেছে।

এ ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আহত কর্মচারিরা হল - সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ জিয়াউল ইসলাম (২৫), আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ হারুন (৩০), মোহাম্মদ সোলাইমানের ছেলে সুমন (২১), মোসলেম উদ্দিনের ছেলে মোহাম্মদ বাবুল (২০) এবং আনোয়ার হোসেনের ছেলে সোহেল (২৫)।

তাদের সবাইকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসারত অবস্থায় আহত কর্মচারিরা সাংবাদিকদের জানান, সাড়ে ৬টার দিকে পাঁচ/ছয় জনের একদল সন্ত্রাসী দল ৭০/১ পুরানা পল্টনের হোটেল গ্রিন গার্ডেনের দ্বিতীয় তলার দরজা ভেঙে ঢোকে।

অস্ত্রধারীরা ম্যানেজার গিয়াস উদ্দিনকে খুঁজতে থাকে। ম্যানেজারকে না পেয়ে তারা এলোপাতাড়ি গুলি বর্ষণ করলে এ ঘটনা ঘটে।

আহতদের আর্ত চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে পলিশ ঘটনাস্থলে এসে ম্যানেজার গিয়াস উদ্দিনসহ আরো দুই কর্মচারিকে আটক করে।

পল্টন থানার এসআই ফৌজিয়া খানম বিডিনিউজকে বলেন, বিষয়টি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

তবে সূত্র জানায়, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।