আওয়ামী লীগের যোগদান দেখতে কূটনীতিকরা সংসদে
দীর্ঘ বয়কটের পর প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সংসদে যোগদানের দিনে রোববার দর্শক গ্যালারিতে বেশ কয়েকজন কূটনীতিকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
প্রায় ১৩ মাস বাইরে থাকার পর বিরোধী দল আওয়ামী লীগ সংসদে যোগ দেয়। বিকেল পৌনে পাঁচটায সংসদ শুরু হওয়ার ৭ মিনিট পর বিরোধী দলীয় সাংসদরা সংসদে প্রবেশ করেন। এসময় সরকার দলীয় আইনপ্রনেতারা টেবিল চাপড়ে হৈচৈ করে তাদের স্বাগত জানান।
সংসদে উপস্থিত কূটনীতিকদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স জুডিথ শ্যামাস। ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, ভারতীয় হাই কমিশনার বীণা সিক্রি প্রমূখ।
সংসদের একজন কর্মকর্তা জানান, কূটনীতিকদের বসার সারিতে ১২ থেকে ১৫ জনকে দেখা গেছে।
সাম্প্রতিক সফরের সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারি মন্ত্রী ক্রিস্টিনা রোকা, ইউরোপীয় ইউনিয়নের ট্রয়কা ডেলিগেশন বিরোধী দলের সংসদে যোগদানের ব্যাপারে তাদের মতামত দেন।
পরে আওয়ামী লীগের এ সংসদে যোগদানের সিদ্ধান্তকে আন্তর্জাতিক কমিউনিটি স্বাগত জানায়।
