ঘরে ঘরে গ্যাসের দাবিতে নবীগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল পালিত
ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেয়াসহ পাঁচ দফা দাবিতে বিবিয়ানা দাবি-দাওয়া সংগ্রাম পরিষদের ডাকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।
হরতালে পিকেটাররা নবীগঞ্জ উপজেলার পানিউড়া থেকে সিলেটের শেরপুর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এর ফলে সিলেটের সাথে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানের যোগাযোগ বন্ধ থাকে। দূরপাল্লার যানবাহন উপজেলা সদর থেকে কোথাও ছেড়ে যায়নি।
এছাড়া ব্যবসা প্রতিষ্ঠান ও হাট বাজারে কোন বেচাকেনা হয়নি এবং ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সর্বদলীয়ভাবে ডাকা এই হরতালের প্রতি সমর্থন জানায়।
বিবিয়ানা দাবি-দাওয়া সংগ্রাম পরিষদ হরতাল চলাকালে কয়েকটি সমাবেশ করে। দুপুরে আউশকান্দি কিবরিয়া চত্বরে সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার গাজির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান সাদী, নবীগঞ্জ পৌরসভার চেয়ারম্যান অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, জেলা আ.লীগ যুগ্ম সম্পাদক এডভোকেট আবুল ফজল, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী এবং জেলা বিএনপি’র সাবেক সভাপতি সফিকুর রহমান।
