২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি’র শিক্ষক দলাদলি: সম্মানসূচক ‘বোস প্রফেসরশিপ’ ১২ বছর যাবত বন্ধ

ব্যক্তিগত ও রাজনৈতিক দলাদলির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে ১২ বছর ধরে বোস প্রফেসরশিপ সম্মানে কাউকে ভূষিত করা হচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

জান্নাতুল ফেরদাউস,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 05:11 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

বিজ্ঞানী, গবেষক অধ্যাপক সত্যেন বোসের স্মরণে ঢাবি কর্তৃপক্ষ ১৯৭৪ সালে পদার্থ বিজ্ঞান বিভাগে ‘বোস প্রফেসরশিপ’ চালু করে। অধ্যাপক সত্যেন বোসের ‘বোস - আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স’ তত্ত্ব পৃথিবী জুড়ে খ্যাতি লাভ করেছে। তার এ তত্ত্ব পদার্থ বিজ্ঞানে বিপুল পরিবর্তন এনেছে।

নিয়ম অনুযায়ী নিজ ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা লাভ করেছেন এমন একজন অভিজ্ঞ শিক্ষক, গবেষককে এ পদে তিন বছরের জন্য মনোনীত করা হয়। গবেষককে তার কাজে আরো বেশি উৎসাহ, উদ্দীপনা প্রদান করাই ‘বোস প্রফেসরশিপ’ এর উদ্দেশ্য ।

পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. আর আই এম আমিনুর রশীদ বিডিনিউজকে জানান, বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিবেশে সবার উর্ধ্বে এমন কাউকে নির্বাচন করা সম্ভব হচ্ছে না। ফলে এ সম্মানে কাউকে ভূষিত করা যাচ্ছে না।

“ব্যক্তিগত ও রাজনৈতিক দলাদলির কারণেই এ প্রক্রিয়া ব্যবহত হচ্ছে,” মন্তব্য করেন নাম প্রকাশ না করার শর্তে পদার্থ বিজ্ঞান বিভাগের অপর একজন শিক্ষক।

১৯৮৩ সালের মে মাসের সিন্ডিকেট সিদ্বান্ত অনুযায়ী, বিভাগীয় সমন্বয় ও উন্নয়ন (সিঅ্যান্ডডি) কমিটি একজন প্রখ্যাত গবেষক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তির জন্য এ সম্মানটি সুপারিশ করবে। ওই সম্মানে তিন বছরের জন্য একজনকে নিয়োগ দেওয়া হবে। তবে, সিন্ডিকেট প্রয়োজন অনুযায়ী আরো দু বছর মেয়াদ বাড়াতে পারবে।

১৯৭৪ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাবি সিন্ডিকেট পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও তৎকালীন উপাচার্য অধ্যাপক ড.এ এম আব্দুল মতিন চৌধুরীকে প্রথম এ প্রফেসরশিপ সম্মানে ভূষিত করে।

এরপর ১৯৮৪ সালের মার্চ মাসে সিন্ডিকেট তিন বছরের জন্য অধ্যাপক ড. এমএএম মুহতাশাম হোসেনকে এ সম্মানে ভূষিত করে। অধ্যাপক মুহতাশাম হোসেনের ‘বোস প্রফেসরশিপ’ এর মেয়াদ আরও দুই বছরের জন্য বাড়ানো হয়।

ওই বিভাগেরই অধ্যাপক ড. হারুন - অর - রশীদকে ১৯৯২ সালের জুলাই মাসে তিন বছরের জন্য ‘বোস প্রফেসরশিপ’ সম্মানে ভূষিত করা হয়।

এরপর আর কোনো শিক্ষক - গবেষককে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই সম্মানে ভূষিত করেনি।

‘বোস প্রফেসর’ অধ্যাপক ড. হারুন - অর - রশীদ বিডিনিউজকে বলেছেন, একজন গবেষক শিক্ষককে শুধূমাত্র তার গবেষণায় উৎসাহিত করার জন্য এ সম্মান দেওয়া হয়।

তিনি বলেন, এর সম্মানী নামমাত্র। কিন্তু, গবেষণার কাজে সহায়তা অনেক। তিনি আরো বলেন, দেশের আর্থ - সামাজিক অবস্থার জন্য দেশে শিক্ষকরা কাজ করতে চাননা। তারা বিদেশে চলে যান।