২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অমর একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে নিশ্চিদ্র নিরাপত্তা

একুশে ফেব্রুয়ারি জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে সরকার ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা হাতে নিয়েছে। দিবসটি পালন নির্বিঘ্ন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 04:46 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে একুশে ফেব্রুয়ারি পালনে নিরাপত্তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। ২০ ফেব্রুয়ারি বিকেল থেকে ২১ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে। রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার জন্যে গ্রহণ করা হবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। অন্যান্যের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টর, পুলিশের মহাপরিদর্শক আব্দুল কাইউম, বিডিআর, আনসার ও র‌্যাবের মহাপরিচালক এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা।

বৈঠক শেষে বাবর সাংবাদিকদের জানান, কোনও নাশকতামূলক ঘটনা ঘটবে কিনা আমরা জানি না, শান্তিপূর্ণভাবে ও শৃঙ্খলার সাথে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যে অমর একুশে উপলক্ষে সকল পদক্ষেপ নেয়া হয়েছে।

শহীদ মিনার ও আশপাশের এলাকার নিরাপত্তা তদারক করতে একুশের প্রথম প্রহর থেকে পুলিশের আওতায় ১৬টি সিসিটিভি ক্যামেরা এবং র‌্যাবের আওতায় ১২টি সিসিটিভি ও চারটি নাইট ভিশন ক্যামেরা থাকবে।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, যেসব স্থানে সিসিটিভি ক্যামেরা থাকবে না সেসব স্থানে পুলিশ ও র‌্যাব ভিডিও ক্যামেরা স্থাপন করবে।

বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।