২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাহের হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করলেন ড. মহিউদ্দিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহেরের সহযোহী ড. মহিউদ্দিন হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়ার কথা অবশেষে স্বীকার করেছেন, একই সঙ্গে এই হত্যা পরিকল্পনায় তার সঙ্গে শিবির নেতা সালেহীও ছিল বলে পুলিশের কাছে জানিয়েছেন। পুলিশের একটি দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 09:16 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

সূত্র জানায়, ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানিক দ্বন্দ্বের জের ধরেই রাবির ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রবীন অধ্যাপক তাহের আহমেদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনায় ছিলেন ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মো. মহিউদ্দিন ও ছাত্রশিবির রাবি শাখার সভাপতি মাহবুবুল আলম সালেহী। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হওয়ার পর এখন শিবির নেতা সালেহীকে গ্রেপ্তারের জন্যে পুলিশের একাধিক বিশেষ টিম মাঠে নেমেছে।

সূত্র আরও জানায়, জিজ্ঞাসাবাদে ড. মহিউদ্দিন কেয়ারটেকার জাহাঙ্গীরের দেওয়া জবানবন্দিকে বিশ্বাস করছিলেন না। পরে জাহাঙ্গীরের রেকর্ড করা জবানবন্দি তাকে শোনানো হলে তিনি অপ্রস্তুত হয়ে যান। এক পর্যায়ে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেন। অধ্যাপক তাহেরের কেয়ারটেকার জাহাঙ্গীর ও ড. মহিউদ্দিনকে শুক্রবার রাতে মুখোমুখি এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার নাইম আহমেদ, আরএমপি, এনএসআই, ডিবি ও র‌্যাবের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জিজ্ঞাসাবাদের উদ্ধৃতি দিয়ে সংশ্লিষ্ট সূত্রটি জানায়, গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত রাবির ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের বিভাগীয় প্ল্যানিং কমিটির সভায় যোগদানের উদ্দেশে অধ্যাপক তাহের গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা থেকে রাজশাহীতে এসে পৌঁছান। ওই রাতেই তাকে খুন করা হয়। হত্যাকাণ্ডের সময় শিবির নেতা সালেহী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। হত্যাকাণ্ডের পর ড. মহিউদ্দিনকে মোবাইলে ঘটনা জানানো হয়। এরপর তিনি অধ্যাপক তাহেরের বাসায় গভীর রাতে আসেন এবং অধ্যাপক তাহেরের লাশ দেখেন। এরপর ড. মহিউদ্দিন ও শিবির নেতা সালেহীর উপস্থিতিতেই অধ্যাপক তাহেরের লাশ গুম করা হয় ম্যানহোলের ভেতরে।