কুষ্টিয়া ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে ৩ বাংলাদেশী নিহত, সমন্বিত
কুষ্টিয়ার দৌলতপুর ও ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে তিন বাংলাদেশী নিহত হয়েছে। কুষ্টিয়ায় দুই গরু ব্যবসায়ী ও ঠাঁকুরগাঁওয়ে এক যুবক নিহত হয়।
বিডিনিউজ কুষ্টিয়া প্রতিনিধি জানান, জেলার দৌলতপুর সীমান্তে শনিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দু’বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়। দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ধর্মদহ বিডিআর ক্যাম্পের অদূরে ১৪৭ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বর্ডারপাড়া গ্রামের ইব্রাহিমের ছেলে আকবর ( ৩৫) ও আমির হোসেনের ছেলে আশরাফুল (৩০)।
বিডিআর ও স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোরের দিকে ১০ জনের একটি গরু ব্যবসায়ী দল ধর্মদহ সীমান্তের কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে সাড়ে তিনশ’ গজ ভারত অভ্যন্তরে ঢুকে পড়ে। এ সময় নদীয়া জেলার করিমপুর থানার ভাড়–লপাড়া ক্যাম্পের ৯৪ ব্যাটালিয়নের বিএসএফ’র একটি টহল দল তাদের লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আকবর ও আশরাফুল নিহত হয়। অন্য সঙ্গীরা গুলিবিদ্ধ লালচাঁদকে (৩৬) গুরুতর আহত অবস্থায় নিয়ে এসে গাংনী হাসপাতালে ভর্তি করে।
বিডিআর ঘটনার সত্যতা স্বীকার করেছে। তারা বলেছেন, তাদের কাছে এ ব্যাপারে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পাওয়ার পরেই চিঠি দিয়ে দু’দেশের ফ্লাগ মিটিং কল করা হবে।
বিডিনিউজ ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, জেলার হরিপুর সীমান্তে শনিবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে।
নিহত ব্যক্তি হরিপুর উপজেলার দনগাঁও গ্রামের সফির উদ্দীনের ছেলে এরশাদ আলী (১৮)।
বিডিআর সূত্র জানিয়েছে, সকাল ১০টার দিকে এরশাদ গরুকে ঘাস খাওয়াতে বুজরুখ সীমান্তে মূল স্তম্ভের ৫৫৮/৫ এর নিকট গেলে বিএসএফ’র খুড়কা ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে ১০ রাউন্ড গুলিবর্ষণ করে।
পরবর্তীতে বিএসএফ বাংলাদেশের ভূখণ্ডে এসে নিহত যুবকের লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। হরিপুর বিওপি’র কমাণ্ডার আবু সাঈদ এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বিএসএফ যুবকের লাশ বাংলাদেশের কাছে ফেরত দেয়নি।
