ঢাকা-বরিশাল রুটে ৭২ ঘন্টা ধর্মঘটের পর বাস চলাচল শুরু
বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন’র (বিটিওএ) ডাকা ঢাকা-বরিশাল রুটে অনির্দিষ্টকালের ধর্মঘট ৭২ ঘন্টা পর শনিবার সকালে প্রত্যাহার করা হয়েছে।
বরিশাল জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের চাঁদাবাজির অভিযোগে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ৯ ফেব্রুয়ারি এই ধর্মঘট আহবান করে।
সমস্যা সমসাধানে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে বরিশাল জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতিশ্রুতির পর শনিবার সকাল ১১টায় গাবতলী বাস টার্মিনাল থেকে আবার বাস চলাচল শুরু হয়।
বিটিওএ নেতৃবৃন্দ জানান, বরিশাল জেলা পরিবহন শ্রমিকদের চাঁদাবাজি ও শ্রমিক ইউনিয়নের মাধ্যমে অদক্ষ চালক ও সহকারী নিয়োগ বন্ধ করতে তারা এই ধর্মঘট আহবান করেন।
ঈগল পরিবহনের ভাংচুরকৃত বাসের ক্ষতিপূরণ আদায় এবং বনভোজনের নামে বাস প্রতি ১০ হাজার টাকা চাঁদা আদায় বন্ধ করা তাদের দাবির মধ্যে অন্যতম বলে নেতৃবৃন্দ জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্মঘট চলাকালে নগরীর গাবতলী বাস টার্মিনালে মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়।
সূত্র জানায়, ৭২ ঘন্টার ধর্মঘট চলাকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পরিবহন শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের সাথে বিটিওএ নেতৃবৃন্দের কয়েক দফা আলোচনা বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়।
কোনোপ্রকার চাঁদা আদায় এবং ঈগল পরিবহনের চলাচলে বাধা সৃষ্টি করা হবে না বলে সমঝোতা বৈঠকে নিশ্চয়তা দেওয়া হয়।
