ইবি ছাত্রীর মর্মান্তিক মৃত্যু, ক্যাম্পাসে শোকের ছায়া
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সম্মান প্রথম বর্ষের এক ছাত্রীর শুক্রবার রহস্যজনক মৃত্যু ঘটেছে। ধারনা করা হচ্ছে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
২০০৩-০৪ শিক্ষাবর্ষের ছাত্রী তাহমীনা সুলতানা শাহীদা (২১) সাভারের পানঠোয়া গ্রামের মো: আব্দুল গফুর মিয়ার মেয়ে। সে বিশ্ববিদ্যালয়ের ফজিলতুন্নেসা মুজিব হলে থাকত।
সূত্র জানায়, শুক্রবার বাড়ি থেকে ক্যাম্পসে ফেরার পথে ঝিনাইদহে আসার পর অসুস্থ্য হয়ে পড়লে পথচারীরা তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় সেবা ক্লিনিকে ভর্তি করে ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় তার মৃত্যু হয়।
শাহীদার অসুস্থতার খবর পেয়ে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড, হারুনুর রশীদ আসফারী, ড. রাবেয়া বেগম ও ড, মিজানুর রহমান ঝিনাইদহে যান এবং রাতে তার বড় ভাই ও চাচার কাছে লাশ হস্তান্তর করেন।
শাহীদার মৃত্যুতে তার সহপাঠীসহ বিভাগীয় শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ভিসি অধ্যাপক এম রফিকুল ইসলাম, বিভাগীয় চেয়ারম্যান ড. আসফারী ও বিভিন্ন ছাত্র সংগঠন শাহীদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করেছে ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
