২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে বিচারক হত্যা : জেএমবি সামরিক প্রধান সানি, আউয়াল ও মামুনের যাবজ্জীবন কারাদন্ড

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলার অভিযুক্ত আসামিদের স্বীকারোক্তির মোতাবেক তাৎক্ষণিকভাবে তৈরিকৃত চার্জশিটের ভিত্তিতে আদালত বৃহস্পতিবার নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, অন্যতম শীর্ষ নেতা আবদুল আউয়াল এবং বোমা হামলাকারী মামুনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2006, 06:37 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠির দুই বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়েকে বোমা হামলায় হত্যার প্রেক্ষিতে দায়েরকৃত ওই বিস্ফোরক মামলায় বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

কারাদন্ডপ্রাপ্ত আতাউর রহমান সানি জেএমবি’র শীর্ষ নেতা শায়েখ আবদুর রহমানের ছোট ভাই এবং জঙ্গি সংগঠনের মজলিশ-এ-শূরা (নীতি নির্ধারক কমিটি) সদস্য আবদুল আউয়াল জেএমবি প্রধানের জামাতা।

বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মতিন বৃহস্পতিবার সকাল ১০টা ২৩ মিনিটে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) কড়া নজরদারির মধ্যে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এর আগে বুধবার আউয়াল ও সানি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর পরই তাদেরকে রাজধানী থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বরিশালে আনা হয়।

অভিযোগপত্র তৈরির সময় সানি, আউয়াল ও মামুন বোমা হামলা চালিয়ে দুই বিচারককে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। সানি আদালতে বলে, এ দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য বেছে নেয়া পদ্ধতি উপযুক্ত না হলেও তাদের লক্ষ্য অর্জিত হয়েছে।

বিচারকদের উপর বোমা হামলা চালানোর প্রেক্ষিতে দায়েরকৃত মামলায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারায় মামুনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৪ ধারায় আরও ১০ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন। একই সাথে দুই ধারার শাস্তি চলবে বলে বিচারক রায়ে উলে¬খ করেন।

অপরদিকে, দুই বিচারক হত্যা ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনের ৬ ধারায় সানি এবং আউয়ালকে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন।

বিস্ফোরক দ্রব্য মামলায় মামুন, সানি, আউয়াল, জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান ও তার সেকেন্ড-ইন-কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই এবং বিচারকদের গাড়িচালক সুলতানের বিরুদ্ধে অভিযোগপত্র ২০০৫ সালের ৩০ নভেম্বর আদালতে দাখিল করা হয়।

দাখিলকৃত অভিযোগপত্রটি দুর্বল হওয়ায় চলতি বছরের ১৯ জানুয়ারি ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব হোসেন আরো দু’জনের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। সম্পূরক অভিযোগপত্রে মোল্লা ওমর ও আমজাদ ওরফে খালিদ সাইফুল্লা’র নাম সংযুক্ত করা হয়।

বাংলা ভাই, শায়খ আব্দুর রহমান, মোল্লা ওমর ও খালিদ সাইফুল্লা বর্তমানে পলাতক রয়েছে। বিচারক হত্যা মামলার অভিযোগপত্র এখনও আদালতে পেশ করা হয়নি।

সুলতান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করায় আদালত তার বিরুদ্ধে চার্জ গঠন করেন। পলাতক আসামীদের বিরুদ্ধেও আদালত চার্জ গঠন করেন।

রায় ঘোষণার পর নিহত বিচারক জগন্নাথ পাঁড়ের স্ত্রী পল্লবী পাঁড়ে বলেন, অপরাধীরা শাস্তি পাওয়ায় তিনি খুশি। তবে পুলিশ তার ও তার পরিবারকে কোন নিরাপত্তা না দেয়ায় তারা আতঙ্কের মধ্যে রয়েছেন বলে তিনি জানান।

তিনি আরো বলেন, জোট সরকার বিচারক হত্যার রায় বাস্তবায়ন করে সুবিচার করবেন বলে আশা করছেন।

৩০ কার্য দিবসের মধ্যে এ রায় প্রদান করা হয়।

রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি মুজিবুর রহমান নান্টু এবং আসামী পক্ষে মোখলেসুর রহমান খান মামলা পরিচালনা করেন।