কেন্দ্রীয় শহীদ মিনারে পাখিপ্রেমিকদের সমাবেশ
ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৯ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে খায়রুল আলম পলাশ পাখি রক্ষার বার্তা নিয়ে সাইকেলে বাংলাদেশে ভ্রমনের সূচনা করেছেন। এ উপলক্ষে নেচার কনজারভেশন কমিটির (এনসিসি) উদ্যোগে পাখি ও প্রকৃতি প্রেমীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিসি’র উপদেষ্টা অধ্যাপক এমআরএ তাহা। নেচার কনজারভেশন সূচিত পাখি রক্ষার প্রচার অভিযান উদ্বোধন করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং সভায় বক্তব্য রাখেন কবি সাইফুল বারী, হাওড় উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী ম. ইনামুল হক, বাংলাদেশে বার্ড ফ্লু প্রতিরোধে নাগরিক কমিটির নেতা জোনায়েদ সাকি ও পাখি বিশেষজ্ঞ সাজাহান সরদার।
প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, আমাদের পরিবেশ দুর্দিনে এই প্রচারাভিযান পরিবেশ রক্ষার ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখবে। তিনি পাখি রক্ষার এই প্রচারাভিযানকে সফল করে তুলতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান। বিশেষত মিডিয়ার সহযোগিতা প্রার্থনা করেন।
এটিএন বাংলার উপদেষ্টা সাইফুল বারী বলেন, পাখি রক্ষার এই প্রচারাভিযানকে আমরা সর্বাত্মক সমর্থন করি। সাজাহান সরদার খায়রুল আলম পলাশকে পাখিদূত বলে অবহিত করেন।
জোনায়েদ সাকি পাখি রক্ষার প্রচারাভিযানকে বার্ড ফ্লু সতর্ককরণ প্রচারাভিযানেরও অংশ আখ্যা দেন। তিনি বার্ড ফ্লু প্রতিরোধে নাগরিক কমিটির পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
প্রকৌশলী ম. ইনামুল হক এটাকে জলাভূমি ও প্ররিবেশ রক্ষার পক্ষে বলে অভিমত প্রকাশ করেন।
খায়রুল আলম পলাশ এ সময় তার উদ্যোগে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
