রাজবাড়িতে স্কুল ছাত্রী অপহরণ মামলায় ১ যুবকের ১৪ বছরের কারাদণ্ড
রাজবাড়িতে স্কুল ছাত্রী অপহরণ মামলার রায়ে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আশরাফ হোসেন বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত নিলচাঁদ মল্লিক (২২) বালিয়াকান্দি উপজেলার সাটুরিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, নিলচাঁদ ২০০৩ সালের ২৫ অক্টোবর সাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী আরিফাকে (১৪) অপহরণ করে। ওইদিনই আরিফাকে বানিয়াবহ বাজার থেকে উদ্ধার করা হয়।
ছাত্রীর পিতা মো. শহিদুল্লাহ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে থানার তদন্তকারী কর্মকর্তা চারজনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে।
অপর তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।
